১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি আন্দোলন: গাজীপুরে মহাসড়কে শ্রমিকরা, কাঁদুনে গ্যাস ছুড়ে সরাল পুলিশ

সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:04 PM

Updated : 17 Nov 2026, 12:11 PM

ন্যূনতম মজুরির আন্দোলনে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

পরে কাঁদুনে গ্যাস, সাউণ্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এবং ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

পরে হাজারো শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও নাওজোড়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বিঘ্নিত হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্র ভঙ্গ করা হয়। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকদের আশেপাশে অবস্থান করতে দেখা গেছে।

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক কৃতী বাবু ত্রিপুরা বলেন, সকাল ৮টার দিকে তিনি ঢাকার উত্তরা থেকে গাজীপুরের তার কলেজের উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি দেখতে পান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা কলেজের সামনে থেকে ভোগড়া বাইপাস সড়ক পর্যন্ত স্থানে স্থানে মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছে পোশাক শ্রমিকরা।

পরে তিনি কিছু পথ পায়ে হেঁটে, কিছু পথ অটোরিকশাতে উঠে গন্তব্যের পথে রওনা হন। শেষে তিনি সকাল সাড়ে ১০টার দিকে কলেজে পৌঁছেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা বলেন, মঙ্গলবার সকাল থেকে গাজীপুরে ঢাকা থেকে ভোগড়া বাইপাস সড়ক এলাকা পর্যন্ত শ্রমিকরা অবরোধ করে। পরে সকাল ১১টার দিকে বাইপাস সড়ক অবরোধ মুক্ত হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিক সড়ক অবরোধ করে৷ তবে তাদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।