০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শ্রমিক আন্দোলন: সাভার-আশুলিয়ায় উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

এসব এলাকায় শতাধিক পোশাক কারখানায় ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 06:11 PM

Updated : 05 Nov 2026, 06:11 PM

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানির অভিযোগে এখন পর্যন্ত আটটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাভারের আল-মুসলিম গ্রুপের কারখানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

তিনি বলেন, শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আন্দোলনে উসকানির অভিযোগে সাভার মডেল থানায় দুটি এবং আশুলিয়া থানায় ছয়টিসহ মোট আটটি মামলা হয়েছে। এ ছাড়া বেশ কিছু মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার বলেন, এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েনসহ সার্বিক নজরদারি জোরদার করার কথা বলেছেন শামীমা পারভীন।

নতুন করে শ্রমিক বিক্ষোভ নিয়ে জানতে চাইলে ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, আজকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, “আমি গাজীপুর গিয়েছি, নারায়ণগঞ্জ গিয়েছি সব জায়গায় নিরাপদ পরিবেশে ফ্যাক্টরি চলছে। এ ছাড়া আশুলিয়া, সাভার, ধামরাইসহ সব জায়গায় নিরাপদ পরিবেশে শ্রমিকরা কাজ করছেন। শুধু আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের আশপাশের গুটি কয়েক ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়েছে। শ্রমিকরা নিরাপদে বাড়ি চলে গেছেন।”

আন্দোলনে সহিংসতার সঙ্গে জড়িতরা শ্রমিক না দাবি করে ডিআইজি মুস্তাফিজুর বলেন, “আমরা এ পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে যাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছি, তারা কেউ শ্রমিক না, তারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছে।

“তারা নৈরাজ্যকারী গ্রুপ, ফ্যাসিস্ট গ্রুপ, এই সমাজের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ধ্বংস করতে চাচ্ছে। আমরা কঠোর হস্তে আইনের প্রয়োগ করে যাচ্ছি।”

আন্দোলনে কারণে সাভার ও আশুলিয়া মিলে শতাধিক পোশাক কারখানায় কর্তৃপক্ষ ছুটি দিয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, “শ্রমিকরা কারখানায় এসে কাজ না করে বেরিয়ে গেছেন, পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এ ছাড়া সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

পুরনো খবর:

কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে
শ্রমিক আন্দোলন: ফতুল্লায় পুলিশের মামলায় আসামি ২১, অজ্ঞাত ১৫০০
গাজীপুরে সাউন্ড গ্রেনেডে ভণ্ডুল নিহত পোশাক শ্রমিকের গায়েবানা জানাজা
গাজীপুরে শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ, কাঁদুনে গ্যাস-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, ছুটি শতাধিক কারখানায়
মজুরি বৃদ্ধির আন্দোলন: সাভারে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া
মজুরি আন্দোলনে ‘নেই’ সংগঠনগুলো, দেখাদেখিতে মাঠে শ্রমিকরা, ‘অচেনারাও’ আছেন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল মেরে ছত্রভঙ্গ
মজুরি বৃদ্ধির আন্দোলন: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শ্রমিকদের
বিক্ষোভে উসকানির অভিযোগ, আশুলিয়ায় ৩ শ্রমিক নেতা আটক