গাজীপুরে ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় শিশুসহ বাইকের ৩ আরোহীর মৃত্যু
নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা পুলিশের।
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
বুধবার বেলা আড়াইটার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুর মোরশেদ।
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে তারা ফ্লাইওভারে একটি দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়া একটি বাচ্চা ও নারী-পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেন।
তবে কীভাবে বা কোন গাড়ির সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। ফ্লাইওভারে কোনো সিসিক্যামেরা নেই। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কীসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছে তা জানতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে। আমরা বিভিন্ন স্থানে তদন্ত করছি।
নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে নিহতরা একই পরিবারের হতে পারে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
