১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নগর স্বাস্থ্য মডেল ছয় মাসের মধ্যে চূড়ান্ত হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেবা সচল রাখতে আগামী ছয় মাস আগের কাঠামোর আওতাতেই স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিচালিত হবে বলেছেন এম এ মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 01:06 AM

Updated : 12 Nov 2026, 01:06 AM

আগামী ছয় মাসের মধ্যে একটি টেকসই বহুমুখী কর্মপরিকল্পনায় নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে বলে তথ্য দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, “সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেবা সচল রাখতে আগামী ছয় মাস আগের কাঠামোর আওতাতেই কেন্দ্রগুলো পরিচালিত হবে। উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।”

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুধবার বিকালে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলছিলেন তিনি। সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক’ (বিইউএইচএন) এবং ‘এমিনেন্স’ যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনির্দিষ্ট নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”

স্বাস্থ্য বাজেটের বিষয়ে এম এ মুহিত বলেন, “দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য কেবল বর্তমান অবস্থানে সীমাবদ্ধ থাকা নয়; আগামী পাঁচ বছরে স্বাস্থ্য বাজেটকে ক্রমান্বয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে সরকারের।”

প্রতিমন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. এনামুল হক, নিপসম পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্ব ব্যাংক প্রতিনিধি ওয়ামেক রাজা, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর বক্তব্য দেন।