অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে
২০২৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে হবে পুরুষ ক্রিকেটের বাছাই।
শত বছরের বেশি সময় পর আবার অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। আর এর বাছাইয়ের একটি অংশ হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে।
২০২৮ সালে হবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকস। ওই বছরেই ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে হবে পুরুষ ক্রিকেটের বাছাই। এরপর মেয়েদের ক্রিকেটের বাছাই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।
এই দুই বাছাইয়েই লড়বে আটটি করে দল। আর দুই বিভাগেই চারটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
প্রতি গ্রুপে প্রতিটি দল তার গ্রুপের অন্য দলের সঙ্গে একবার করে খেলবে এবং গ্রুপের শীর্ষ দল উঠবে ফাইনালে। আর ফাইনালের বিজয়ীরা সরাসরি জায়গা পাবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে।
এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে অলিম্পিকের মেয়েদের ক্রিকেটের চার দল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা চার মহাদেশের আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা দল হিসেবে মূল পর্বের টিকেট নিশ্চিত হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেইন ও দক্ষিণ আফ্রিকার।
এছাড়া স্বাগতিক হিসেবে সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে ১৫ দলের মধ্যে থাকতে হবে তাদের।
পুরুষ ক্রিকেটে স্বাগতিক হিসেবে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টিকেট। আর বাছাইয়ের আগেই জানা যাবে আরও চার দলের নাম। ৩১ ডিসেম্বরের চার মহাদেশ (আফ্রিকা, ওশেনিয়া, ইউরোপ ও এশিয়া) থেকে আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা চার দল পাবে মূল পর্বের টিকেট।
১২৮ বছর পর অলিম্পিকসের অংশ হতে যাচ্ছে ক্রিকেট।
