ইরান যুদ্ধ ‘দ্রুতই শেষ হতে যাচ্ছে’: ট্রাম্প
কীভাবে যুদ্ধ থামবে তা স্পষ্ট করেননি ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে’।
তবে যুদ্ধ কীভাবে বা কোন প্রক্রিয়ায় থামবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
রয়টার্স লিখেছে, এমন এক সময়ে ট্রাম্প এই মন্তব্য করলেন, যখন একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র দরকষাকষির মধ্যেই কাতারের মধ্যস্থতাকারীরা আবার তেহরানে ফিরে গেছেন।
এদিকে শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আবারও দাবি করেছেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নৌপথ ‘সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত’ রয়েছে।
তবে মার্কিন সামরিক কমান্ডারের দাবির ঠিক উল্টো দাবি করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক দিনে ওই দক্ষিণাঞ্চলীয় নৌপথে অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজ সামুদ্রিক মাইনের কবলে পড়েছে।
অন্যদিকে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীও ওই এলাকায় একটি জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির শাসনকাঠামোর প্রভাবশালী ব্যক্তি মোহসেন রেজাইয়ের কাছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাঠানো এক চিঠির এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি তেহরান।
প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দাবি করেছেন, শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ওই চিঠি পাঠাননি ভাইস প্রেসিডেন্ট। বরং ওই উদ্যোগের উদ্দেশ্য ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছানো।
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে শুক্রবার কানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা খুব দ্রুতই মিটে যাবে।”
তবে যুদ্ধের অবসানে মূল শর্তের কথা তুলে ধরে তিনি বলেন, “তারা (ইরান) যে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, আমাদের সেই নিশ্চয়তা পেতে হবে।”
