১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এআই এজেন্টের মাধ্যমে ফ্লাইট বুকিং বন্ধ করছে ইউনাইটেড এয়ারলাইনস

কোনো এআই এজেন্টকে অর্থ লেনদেনের তথ্য বা লগ-ইন পাসওয়ার্ড দেওয়ার ফলে সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

এআই এজেন্টের মাধ্যমে ফ্লাইট বুকিং বন্ধ করছে ইউনাইটেড এয়ারলাইনস

ফ্লাইট চেক-ইনের সময় যাত্রীর ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য নেই এর স্বীকৃতি কেবল একজন মানুষই দিতে পারেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 09:07 PM

Updated : 13 Nov 2026, 09:07 PM

নিজেদের ওয়েবসাইট, থার্ড পার্টির ট্রাভেল এজেন্সি ও ফ্লাইট এগ্রিগেটরগুলোর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদের ফ্লাইট বুকিং সীমিত করতে টিকিট কাটার নীতিমালা পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস।

নিরাপত্তা ও প্রাইভেসি সংক্রান্ত ঝুঁকি এড়াতে জেপি মরগান চেজ ও অ্যামাজনের মতো কোম্পানির কাতারে শামিল হয়ে এয়ারলাইনটিও নিজেদের সেবায় এআই এজেন্টদের ব্যবহার বন্ধের পদক্ষেপ নিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ইউনাইটেড বলেছে, কোনো এআই এজেন্টকে অর্থ লেনদেনের তথ্য বা লগ-ইন পাসওয়ার্ড দেওয়ার ফলে সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে এবং এর মাধ্যমে ‘অনাকাঙ্ক্ষিত কেনাকাটা, অ্যাকাউন্ট পরিবর্তনের’ মতো ঘটনা ঘটতে পারে।

এ ছাড়া, এআই এজেন্টকে বুকিং সম্পন্ন করার অনুমতি দিলে তা মার্কিন পরিবহন বিভাগ ও ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ-এ থাকা প্লেন চলাচল বিধিমালাও লঙ্ঘন করতে পারে।

ইউনাইটেড বলেছে, ফ্লাইট চেক-ইনের সময় যাত্রীর ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য নেই, এমন ঘোষণা কেবল একজন মানুষই দিতে পারেন।

মেটার ‘মিউজ’ এআই এজেন্ট একজন ব্যবহারকারীর ঠিকানা অনলাইনে ফাঁস করেছিল। এমন কোনো বিব্রতকর পরিস্থিতির সঙ্গে জড়াতে চায় না ইউনাইটেড।

অন্যান্য কোম্পানির মতো তারাও চায় না, গ্রাহকদের সঙ্গে তাদের সরাসরি সম্পর্কের মধ্যে এআই কোনো বাধা হয়ে দাঁড়াক।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেডের প্রধান নির্বাহী স্কট কার্বি এজেন্ট-ভিত্তিক বাণিজ্যে যোগ হওয়ার বিষয়ে কোম্পানির অনীহার কথা খোলামেলাভাবেই প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক অনুষ্ঠানে কার্বি বলেছেন, “সত্যি বলতে, আমি নতুন কোনো মধ্যস্বত্বভোগী তৈরি করতে চাই না।”

তবে সব এয়ারলাইন যে একই রকম ভাবছে তা নয়। যেমন, সাউথওয়েস্ট এয়ারলাইনস একটি প্লাগইন তৈরি করেছে, যাতে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মাধ্যমেই ফ্লাইট বুক করতে পারেন।

ইউনাইটেড এয়ারলাইনস ও এআই এজেন্ট নিষিদ্ধ করা অন্যান্য কোম্পানির জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে মানুষের মধ্যে ‘এজেন্টিক কমার্স’ বা এআই এজেন্টভিত্তিক কেনাকাটা এখনো সেভাবে জনপ্রিয়তা পাচ্ছে না।

সম্প্রতি তৃতীয় প্রান্তিকের আয়ের বিবরণী কলে উবার বলেছে, হ্যালোউইন সপ্তাহে তারা ৩২ কোটি ট্রিপ ও ডেলিভারি পরিচালনা করেছে। যার মধ্যে এআই এজেন্টদের মাধ্যমে এসেছে ৫০০টি উবার ইটস অর্ডার ও চারটি রাইড।

এ সংখ্যা মোটেও প্রচলিত ব্যবসাকে ওলটপালট করে দেওয়ার মতো কিছু নয়।

কোনো এআইকে নিজের ক্রেডিট কার্ডের তথ্য দেওয়া ও ইমেইল লগ-ইন তথ্য দেওয়া যেমন এক বিষয় নয় তেমন প্রতিদিন সকালে সংবাদের সারসংক্ষেপ পাঠাতে বলার চেয়ে এগুলো সম্পূর্ণ আলাদা।

‘মিউজ’-এর মতো অ্যাপ বিপুল সংখ্যক মানুষ ডাউনলোড করলেও নিজের হয়ে কেনাকাটা করার জন্য কোনো এআই এজেন্টকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়াটি জনপ্রিয় হওয়ার জন্য যতটা নির্ঝঞ্ঝাট ও ত্রুটিমুক্ত হওয়া প্রয়োজন বাস্তবে এখনও তা হয়ে ওঠেনি।