১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দেরি, জটিলতায় বাড়ছে চিকিৎসা ব্যয়

অধ্যাপক ফিরোজ আমিন বলেন, “সরকার যদি প্রয়োজনীয় সব পরীক্ষার একটি প্যাকেজ করে কম খরচে করানোর ব্যবস্থা করে, তাহলে রোগীদের খরচ কমবে। সেই প্যাকেজের আওতায় নির্ধারিত মেডিকেলগুলো থেকে সবাই চাইলে পরীক্ষা করাতে পারবেন।”

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দেরি, জটিলতায় বাড়ছে চিকিৎসা ব্যয়

রমনা পার্কে শরীর চর্চায় সব বয়সি মানুষের অংশগ্রহণ বাড়ছে।

আব্দুস সবুর লোটাস আব্দুস সবুর লোটাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 01:00 AM

Updated : 14 Nov 2026, 01:00 AM

রোগ শনাক্তে দেরি হওয়া, চিকিৎসা শুরুর পরও জীবনযাপনে নিয়ম না মানায় নিয়ন্ত্রণে থাকছে না অনেকের ডায়াবেটিস। এতে বাড়ছে জটিলতা, রোগব্যাধী বাসা বাঁধছে শরীরে; সেই সঙ্গে বাড়ছে চিকিৎসার ব্যয়।

এমন অনেক রোগীদের একজন ২০ বছর ধরে ডায়াবেটিস ভুগতে থাকা লুৎফন নেছা। চিকিৎসার খরচ মেটাতে শুরুতে মাসে দেড় হাজার টাকা লাগলেও এখন তা তিন হাজার ছাড়িয়েছে।

তিনি বলেন, “ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু করতে পারি না। আর যেভাবে ওষুধপত্রের দাম বাড়ছে, তাতে ডায়াবেটিসের সমস্যা সংসারের বোঝা হয়ে গেছে।”

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত তার মতো অনেক রোগীর পক্ষেই ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও খাবারের বাড়তি খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।

আর যারা এ রোগ ঠিকমত নিয়ন্ত্রণে রাখতে পারছেন না তারা পড়ছেন আরও জটিলতায়। ডায়াবেটিসের কারণে পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতায় ভোগা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের খরচের বোঝা আরও কয়েক গুণ বেশি।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের তথ্য অনুসারে, বাংলাদেশে ২০ থেকে ৭০ বছর বয়সি প্রায় ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিস রোগী রয়েছেন। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে তাদের নিবন্ধিত রোগীর সংখ্যা ছিল প্রায় ৬৩ লাখ। পাঁচ বছর আগে ২০২০-২১ অর্থবছরে যা ছিল প্রায় ৫৬ লাখ।

ডায়াবেটিস রোগীদের খরচ বাড়ছে কীসে?

ডায়াবেটিস সমিতির সদস্য এবং রাজধানী ঢাকা ও প্রত্যন্ত গ্রামে বসবাসকারী বেশ কয়েকজন রোগী বলছেন, ডায়াবেটিসের মাত্রা স্বাভাবিক রাখতে তাদের প্রতি মাসে দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার ওষুধ খেতে হয়। তিন মাস পরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হয়। আগের কয়েক বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে এ ব্যয় বাড়ছে।

মিরপুর-১৩ এলাকার ৫৫ বছর বয়সি লুৎফন নেছা মিরপুরে অবস্থিত বারডেম হাসপাতালে এসেছিলেন চিকিৎসক দেখাতে। তিনি বলেন, “তিন মাস পর আজ সমিতিতে এসেছি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছে। এর মধ্যে রক্ত, কিডনি, লিভার, ইসিজিসহ আরও কিছু পরীক্ষা রয়েছে। সব মিলিয়ে তিন হাজার টাকার বেশি খরচ হয়েছে।

“পাঁচ থেকে সাত বছর আগে যে খরচ ছিল দেড় হাজার টাকা, এখন তা তিন হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে স্ট্রিপের দাম ৪০০ থেকে বেড়ে এখন প্রায় এক হাজার টাকা হয়েছে। ওষুধের দামও বাড়ছে। শুরুতে মেশিন কিনেছিলাম ৮০০ টাকা দিয়ে। চলতি বছরের শুরুতে একটি মেশিন ১ হাজার ৬০০ টাকা দিয়ে কিনেছিলাম, সেটি নষ্ট হয়েছে। জানি না এবার কত টাকা দিয়ে কিনতে হবে।”

ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরেকজন সাহারা বেগম বলেন, “আমি কয়েক বছর ধরে পপুলার হাসপাতালে চিকিৎসা নিতাম। কিন্তু খরচ বাড়তে বাড়তে সংসারের হিসাবের বাইরে চলে গেছে। তাই মিরপুরের এই সেন্টারে প্রথমবার ডায়াবেটিস সমিতির সদস্য হলাম। এখানে বই করা ও বিভিন্ন পরীক্ষার খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা। আগে বেসরকারি হাসপাতালে এর চেয়ে দ্বিগুণ খরচ হতো।”

নানা চাপে নিয়ন্ত্রণের বাইরে ডায়াবেটিস

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস তিন ধরনের- টাইপ-১, টাইপ-২ ও গর্ভকালীন ডায়াবেটিস। এর মধ্যে বাংলাদেশে ৯০ থেকে ৯৫ শতাংশ রোগী টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। বাকি ৫ থেকে ১০ শতাংশ রোগী অন্য দুই ধরনের ডায়াবেটিসে ভোগেন।

Image

রক্তের সুগার পরীক্ষা করছেন দুইজন।

তারা বলেন, টাইপ-১ ডায়াবেটিস সরাসরি প্রতিরোধের কোনো উপায় নেই। এটি মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। টাইপ-২ ডায়াবেটিস জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত। আর গর্ভকালীন ডায়াবেটিস অল্পস্থায়ী, যা সন্তান প্রসব পর্যন্ত থাকে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকার বিষয়ে লুৎফন নেছা বলেন, “সংসারের খরচ বাড়ছে, তার সঙ্গে ওষুধপত্রসহ সবকিছুর দাম বাড়ছে। ডাক্তাররা যেভাবে বলেন, বিভিন্ন ফলের অর্ধেক, মাংসের এক টুকরাসহ আরও অনেক কিছু খেতে, সেসব করা সম্ভব হয় না।”

নওগাঁ জেলার রাণীনগরের বাসিন্দা পাখি আক্তার গ্রাম থেকে তিন মাস পরপর জেলা শহরের সমিতিতে যান চিকিৎস দেখাতে। তখন সব পরীক্ষাও করেন। তবে শরীরের অবস্থা ভালো থাকলে ব্যয়ের কথা মাথায় রেখে কখনো কখনো যেতে পারেন না।

তবে দেরি করে গিয়ে কয়েকবার ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি পাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, এতে আরও বেশি টাকার ওষুধ লাগে। কিন্তু গ্রামে থেকে নিয়মিত পরীক্ষা করানো ও খাবার ঠিক রাখা সম্ভব হয় না।

রাজধানীর মিরপুর-১০ ডায়াবেটিস সমিতির নিয়মিত রোগী জবা বেগম বলেন, ওষুধপত্রের বাইরে বিভিন্ন কিছু খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু যৌথ পরিবার হওয়ায় সেসব করা সম্ভব হয় না। কারণ, খাবারের রুটিন ঠিকমত অনুসরণ করা সম্ভব হয় না।

দেশে ডায়াবেটিস রোগী বেড়ে যাওয়ার কয়েকটি কারণ তুলে ধরে ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, এর মধ্যে রয়েছে অপরিকল্পিত নগরায়ন, বিশৃঙ্খল জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার ও কায়িক পরিশ্রমের অভাব।

এর ব্যাখ্যা করে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে মানুষের হাঁটাচলার অভ্যাস কমে যাচ্ছে। শুধু তাই নয়, দেশের নগরায়নে সেভাবে হাঁটা ও খেলাধুলার জায়গা থাকে না। এছাড়া নগরায়নের ফলে চলাফেরার জন্য মানুষ বিভিন্ন ধরনের গাড়ির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আবার ফাস্টফুড ও কোমল পানীয় খাওয়ার প্রবণতা বাড়ছে। এতে দ্রুত ওজন বাড়ছে। এসব বিষয়ই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

পাঁচ বছরের বেশি সময় ধরে ডায়াবেটিসে ভোগা মোজাফ ইসলাম বলেন, “আমি গাড়ি চালাই, অন্য কাজ করতে পারি না। আর খাবার দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাই ডায়াবেটিস বেড়েই যায়। আগে সমিতির সদস্য হয়েছিলাম, কিন্তু খরচ চালাতে পারিনি। এখন রাণীনগর উপজেলা কমপ্লেক্স হাসপাতাল থেকে বিনামূল্যে দুটি ওষুধ দেয়, সেগুলো খাই।”

Image

রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে আসা রোগীরা।

চিকিৎসা ব্যয় বাড়ে যেভাবে

ভুক্তভোগীরা বলছেন, সাধারণ ডায়াবেটিসের পর নিয়ম না মানায় এবং চিকিৎসকের পরামর্শ ঠিকঠাক অনুসরণ না করায় শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিলে চিকিৎসার খরচ কয়েক গুণ বেড়ে যায়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে উচ্চ রক্তচাপ, কিডনির কার্যকারিতা কমে যাওয়া, ফ্যাটি লিভার ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়।

ডায়াবেটিস থেকে কিডনি রোগে আক্রান্ত জিন্নাতন বেগমের ছেলে সাফি ইসলাম বলেন, “গ্রামে বাড়ি হওয়ার কারণে ১০ বছরের বেশি সময় ধরে মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল না। এক মাস ঠিক থাকে, আবার দুই মাস নিয়ন্ত্রণের বাইরে থাকে। গ্রামে থেকে ডাক্তারের পরামর্শ, পরীক্ষার যন্ত্র ও স্ট্রিপ-সবই শহর থেকে নিতে হয়। এতে জটিলতা হয়। তবে দুই মাস আগে মায়ের হঠাৎ শরীর খারাপ হওয়ায় সব পরীক্ষা করানো হয়। ডাক্তার বলেছেন, কিডনি অকার্যকর হয়ে গেছে। ওষুধে কাজ না হলে ডায়ালাইসিস করতে হবে।”

এ রোগের চিকিৎসা শুরুর পর থেকে নিয়মিত ঢাকায় যাওয়ায় আসাসহ নানা খরচ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন।

তিনি বলেন, “এভাবে বেশিদিন চিকিৎসা করা সম্ভব নয়। এমনকি ডায়ালাইসিসের প্রয়োজন হলে চিকিৎসার খরচ আমাদের সামর্থ্যের বাইরে চলে যাবে।”

মিরপুর-১২ এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম প্রায় ১০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। এর মধ্যে নতুন করে লিভারের জটিলতায় পড়েছেন।

এর কারণ হিসেবে তিনি বলেন, “ওষুধ খেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। কিন্তু খাবারের বিধিনিষেধ মানতে পারি নাই। তাই প্রায় এক বছর ধরে লিভারের জটিলতা দেখা দিয়েছে। এতে ওষুধের খরচ আরও বেড়ে গেছে। এখন আর চাইলেও সবকিছু খেতে পারি না।

“আগে দুই থেকে তিন হাজার টাকার মতো ওষুধ লাগত। কিন্তু এখন সব কিনতে সাত হাজার টাকার বেশি খরচ হচ্ছে।”

করণীয় কী, বিশেষজ্ঞরা কী বলছেন

বারডেম হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ফিরোজ আমিন চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়ে বলেন, “ডায়াবেটিস থেকে হাইপারটেনশন, কোলেস্টেরল, হার্টের সমস্যাসহ নানা জটিলতা তৈরি হয়। সবগুলোর মূলে রয়েছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। কয়েক বছর ধরে এসব বিষয় নিয়ন্ত্রণ করা না হলে একাধিক জটিলতা তৈরি হয়। ফলে স্বাভাবিকের তুলনায় খরচ বেড়ে যায়।”

Image

রমনা পার্কে শরীর চর্চায় সব বয়সি মানুষের অংশগ্রহণ বাড়ছে।

রোগীদের খরচ কমানোর বিষয়ে তিনি বলেন, “ডায়াবেটিসের জন্য একজন মানুষের বিভিন্ন অঙ্গের পরীক্ষা এবং অবস্থা দেখতে হয়। এটি তিন মাস পরপর দেখতে হয়। তাই সরকার যদি প্রয়োজনীয় সব পরীক্ষার একটি প্যাকেজ করে কম খরচে করানোর ব্যবস্থা করে, তাহলে রোগীদের খরচ কমবে। সেই প্যাকেজের আওতায় নির্ধারিত মেডিকেলগুলো থেকে সবাই চাইলে পরীক্ষা করাতে পারবেন।”

দেশের মোট জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেকের বিভিন্ন হরমোনজনিত সমস্যা থাকার তথ্য দিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রিনোলজি (ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন) বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম এ হালিম খান।

Image

রমনা পার্কে একসঙ্গে শরীর চর্চা করতে নারীরাও আসছেন।

তিনি বলেন, এসব ব্যক্তির বড় একটি অংশ ডায়াবেটিস রোগী। এটি নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষায়িত জাতীয় গবেষণা ইনস্টিটিউটের প্রয়োজন।

তার পরামর্শ দেশের মানুষ কী ধরনের জীবনযাপন করলে ডায়াবেটিস সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেসব বিষয়ে কাজ করতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সবার সুস্থ জীবনযাপনের তাগিদ দেন। বলেন, এজন্য খেলাধুলা, হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমে উৎসাহিত করতে হবে। সরকারের পক্ষ থেকে দেশের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়াতে হবে। সেই সঙ্গে খাবারের প্যাকেটে বিভিন্ন উপাদানের পরিমাণ লিখে রাখতে হবে। যেমন, কোনো বিস্কুটে চিনি বা লবণ বেশি থাকলে তা উল্লেখ করতে হবে।

Image

রমনা পার্কে শরীর চর্চায় সব বয়সি মানুষের অংশগ্রহণ বাড়ছে।

খরচ কমাতে তিনি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তের ব্যবস্থা করার পরামর্শ দেন। বলেন, “প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্ত হলে যেকোনো মানুষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সহজ। এতে সাধারণ মানুষের খরচ কম হবে। কারণ, ডায়াবেটিস অনেক দিন নিয়ন্ত্রণে না থাকলে হার্ট, কিডনিসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, যার চিকিৎসার খরচ প্রাথমিক পর্যায়ে শনাক্তের তুলনায় কয়েক গুণ বেশি। ডায়াবেটিস রোগীদের সেবার জন্য কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সব সাধারণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে।”