ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন
রাজধানীর বারডেম ক্যাম্পাসে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত হবে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা।
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে শনিবার পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিনটি উপলক্ষে রোড শো, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।
রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মেজর সালেক বীরউত্তম অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়।
বাডাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত রোড শো (প্লাকার্ড হাতে সড়কের একপাশে দাঁড়িয়ে অবস্থান) হবে। এছাড়া বারডেম ক্যাম্পাসে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত হবে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা। বারডেম অডিটোরিয়ামে সকাল ১০টায় আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব চলবে।
সংগঠনটি বলছে, বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ দিবসের প্রধান লক্ষ্য। বর্তমানে বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ কোটি। ডায়াবেটিস যেহেতু বহুলাংশেই (৭০ শতাংশ পর্যন্ত) প্রতিরোধযোগ্য, ফলে এখনই যদি এ রোগের প্রতিরোধ না করা হয়, তাহলে এই সংখ্যা ২০৫০ সাল নাগাদ প্রায় ৮৫ কোটিতে পৌঁছানোর আশংকা রয়েছে।
আরও বলা হয়, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২৫ জন নারীই গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়, যাদের ৬৫ শতাংশই পরবর্তীকালে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়। বিভিন্ন গবেষণায় দেখা যায়, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ও গর্ভস্থ শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
তাছাড়া গর্ভকালীন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে তাদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আরও বেশি। এ অবস্থায় পরিকল্পিত গর্ভধারণ ও গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে টাইপ-২ ডায়াবেটিস অনেকটাই প্রতিরোধ সম্ভব। এ অবস্থায় যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে রোগটি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সচেতন করা এবং যাদের এখনো ডায়াবেটিস হয়নি তাদের এটি প্রতিরোধে সচেতন করে তোলাই এ দিবসের প্রধান উদ্দেশ্য।
বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পক্ষ থেকে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য ৫টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এগুলো হল- ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীকে রোগনির্ণয়ের আওতায় আনা। ডায়াবেটিক রোগীর রক্তশর্করা নিয়ন্ত্রণে রাখা। ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা। ৬০ শতাংশ ডায়াবেটিক রোগী, যাদের বয়স চল্লিশের বেশি তাদের ‘স্টাটিন’ পাওয়া নিশ্চিত করা। শত শতাংশ টাইপ ১ ডায়াবেটিক রোগীর কাছে ইনসুলিন ও অন্যান্য সুবিধা পৌঁছে দেওয়া।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব সাইফ উদ্দিন, বারডেম একাডেমির জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক ফারুক পাঠান, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক সাহেলা নাসরিন ও বারডেমের ডেন্টিস্ট্রি বিভাগের উপদেষ্টা অধ্যাপক অরূপরতন চৌধুরী উপস্থিত ছিলেন।
