ডিসেম্বরে বিদায় নিচ্ছে স্যামসাংয়ের এই দুই অ্যাপ
আগে থেকে ডাউনলোড করা থাকলে অ্যাপগুলো ব্যবহার করা গেলেও নতুন করে আপডেট পাবে না ও এর কিছু ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে।
দুটি অ্যাপ সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। এর মাধ্যমে গ্যালাক্সি স্টোর থেকে দুটি জনপ্রিয় অগমেনটেড রিয়ালিটি বা এআর অ্যাপ সরিয়ে নিচ্ছে কোম্পানিটি।
ব্যবহারকারীর যদি গ্যালাক্সি ডিভাইসে ‘কুইক মেজার’ বা ‘এআর ডুডল’ অ্যাপ দুটি ডাউনলোড করার ইচ্ছা থাকে তবে তা দ্রুত করে নেওয়ায় ভালো। কারণ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব অ্যাপ স্টোর থেকে মুছে ফেলবে স্যামসাং।
তবে স্যামসাং ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে তারা এই দুটি অ্যাপকে আবার ফিরিয়ে আনতেও পারে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, ‘কুইক মেজার’ নামটির সঙ্গেই এর কাজের মিল রয়েছে। এটা ভার্চুয়াল রুলার অ্যাপ, যার মাধ্যমে বাস্তব দুনিয়ায় যে কোনো দূরত্ব ও ক্ষেত্রফল মাপা যায়।
অন্যদিকে, ‘এআর ডুডল’ অ্যাপের সাহায্যে ছবি ও ভিডিওর ওপর স্কেচ বা আঁকিবুঁকি করা এবং থ্রিডি ইফেক্ট যোগ করা যায়।
অ্যাপ দুটির স্টোর লিস্টিংয়ে এই বন্ধের নোটিশ প্রকাশ করেছে স্যামসাং।
কোম্পানিটি বলেছে, ৩১ ডিসেম্বরের পর ‘অ্যাপটির নতুন ডাউনলোড ও আপডেট সুবিধা বন্ধ করে দেওয়া হবে। অ্যাপটি আগে থেকেই ডাউনলোড করা থাকলে আপনি তা ব্যবহার চালিয়ে যেতে পারবেন, তবে খেয়াল রাখবেন, এর কিছু ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে’।
স্যামসাংয়ের অপারেটিং সিস্টেমের ভবিষ্যৎ সংস্করণের সঙ্গে এগুলো আর আপডেট পাবে না বলেও স্পষ্ট করেছে কোম্পানিটি।
২০২৭ সালে ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট করলে ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ অকার্যকর হয়ে যেতে পারে।
স্যামসাং বলেছে, “এর ফলে যে কোনো ধরনের অসুবিধার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিয়ে ফিরে আসতে আমরা প্রতিশ্রুতিদ্ধ।”
তবে ‘কুইক মেজার’ বা ‘এআর ডুডল’ বন্ধের পর আবার ঠিক কবে নাগাদ ফিরতে পারে বা এগুলোর ফিচার অন্য কোনো পরিষেবায় যোগ হবে কি না সে বিষয়ে স্পষ্ট করেনি স্যামসাং।
ব্যবহারকারী চাইলে দেরি না করে এখনই নিজেদের ডিভাইসে স্যামসাং গ্যালাক্সি স্টোর থেকে ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ অ্যাপ দুটি ডাউনলোড করে নিতে পারেন।
