১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার খবর যাচাই ছাড়া প্রচার বন্ধে আইনি নোটিস

“ফেইসবুক খুললেই দেখা যায়, এইমাত্র সেখানে গাড়ি পোড়ানো হয়েছে। পরে দেখা যায় ছবিটি এক বছর আগের কোনো ঘটনার,” বলেন আইনজীবী জুনু।

সহিংসতার খবর যাচাই ছাড়া প্রচার বন্ধে আইনি নোটিস

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 08:17 PM

Updated : 18 Nov 2026, 08:17 PM

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে অগ্নিসংযোগ, বোমাবাজি ও নাশকতার খবর যাচাই-বাছাই ছাড়া প্রচার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিবকে ডাকযোগে এ নোটিস পাঠান।

নোটিসে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের খবর টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

“এসব ঘটনার সংবাদ জনগণের অবগতির জন্য গুরুত্বপূর্ণ হলেও কোনো কোনো ক্ষেত্রে যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য ও উত্তেজনাকর উপস্থাপনা জনমনে আতঙ্ক, উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকদের ওপর এ ধরনের সংবাদ নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

নোটিসে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার অক্ষুণ্ন রেখে যাচাইবিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও সহিংসতায় উসকানিমূলক প্রচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

এজন্য টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সহিংসতার উসকানি, অপরাধ সংঘটনে নির্দেশনা ও সহিংস কর্মকাণ্ডের ‘মহিমাকীর্তনমূলক’ প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ারও প্রস্তাব করা হয়েছে।

আইনজীবী জুলফিকার আলী জুনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ঘটনার ছবি নতুন ঘটনা হিসেবে প্রচার করে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। ফেইসবুক খুললেই দেখা যায়, কোথাও গাড়ি পোড়ানোর ছবি দিয়ে বলা হচ্ছে এইমাত্র সেখানে গাড়ি পোড়ানো হয়েছে। পরে দেখা যায়, ছবিটি এক বছর আগের কোনো ঘটনার।”

এ ধরনের ছবি দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।

আইনজীবী জুনু বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংবাদমাধ্যমের নামে ফটোকার্ডও ছড়ানো হয়। পরে সেগুলোর ভেতরের তথ্য যাচাই করে দেখা যায়, দাবির সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই।”

তিনি বলেন, “নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে রিট আবেদনসহ অন্যান্য আইনি প্রতিকার চাওয়া হবে।”