লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
সীতাকুণ্ডে ঢাকামুখী লেইনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রামে লরির ধাক্কায় বাস উল্টে বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর পর সড়ক অবরোধ করেছেন তার সতীর্থরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের গেইটের বিপরীতে এক সহপাঠীসহ মাইশা একটি লোকাল বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন।
“এ সময় পেছন থেকে একটি লরি ৮ নম্বর রুটের একটি মিনিবাসকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে মাইশা চাপা পড়েন। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে মাইশাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আহত অপর শিক্ষার্থীকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার সার্জেন্ট শফিকুল ইসলাম শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকামুখী লেইনে ইউটার্ন করার সময় একটি কারকে বাঁচাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশে দাঁড়ানো একটি মিনিবাসকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।”
এদিকে, দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন বলে জানান তিনি।
স্থানীয়ভাবে জানা গেছে, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় ঢাকামুখী লেইনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে। এ কারণে চট্টগ্রামমুখী লেইনেও যানজট তৈরি হয়েছে।
