০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সহপাঠীর মৃত্যু: ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন আইআইইউসির শিক্ষার্থীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসময় অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ও তিনটি ট্রেন আটকা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 08:14 PM

Updated : 03 Nov 2026, 08:17 PM

প্রশাসনের আশ্বাসে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথের অবরোধ তুলে নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডে তাদের এ অবরোধের সময় মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়; আটকা পড়ে তিনটি ট্রেন।

এদিন বেলা ১১টার দিকে মহাসড়কে বাসা চাপায় সহপাঠীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সীতাকুণ্ডের কুমিরায় সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বিকাল সোয়া ৪টার পর তারা সড়ক থেকে সরে যান।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির সার্জেন্ট শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে পুলিশ সুপার ও জেলা প্রশাসক এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর সোয়া ৪টার দিকে তারা সড়ক থেকে সড়ে যায়।

শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল শুরু হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, সড়কে গাড়ির চাপ এখন বেশি।

আন্দোলনরত শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে মামলা, ২৪ ঘণ্টার মধ্যে চালককে গ্রেপ্তার ও চালক-মালিকের বিরুদ্ধে ব্যবস্থা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ, ফুটওভার ব্রিজ নির্মাণ, ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা।

সীতাকুণ্ডের কুমিরায় লরির ধাক্কায় একটি বাস উল্টে সেটির নিচে চাপা পড়ে নিহত হন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। দুর্ঘটনায় রাজিয়া নামে আরেক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভারব্রিজ নির্মাণ, অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদসহ বিভিন্ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি ও রেল চলাচল ব্যাহত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

পরে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করেন বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

অপরদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় চট্টগ্রামগামী একটি এবং ঢাকাগামী দুটি ট্রেন চলাচল ব্যাহত হয়।

সীতাকুণ্ড স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টা ১০ মিনিটে সীতাকুণ্ড স্টেশনে এসে আটকা পড়ে। পরে ৪টা ২৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে সীতাকুণ্ড স্টেশন ছেড়ে যায়।

এদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়া মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারি স্টেশনে আটক পড়ে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার বলেন, মহানগর এক্সপ্রেস বেলা ১টা ১৫ মিনিটের দিকে সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করার কথা থাকলেও সেটি ৪টা ৪০ মিনিটে স্টেশন অতিক্রম করে।

এদিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গৌধুলী ট্রেনটি বিকাল ৩টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও সেটি সাড়ে ৪টার পর স্টেশন ছেড়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ