সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত: আগারগাঁওয়ে সড়ক ছেড়ে গণপূর্তের সামনে শেকৃবি শিক্ষার্থীরা
“সচিবালয় স্থানান্তরেন সিদ্ধান্ত: আগারগাঁওয়ে সড়ক ছেড়ে গণপূর্তের সামনে শেকৃবি শিক্ষার্থীরা।”
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সড়ক অবরোধের পর সেখান থেকে সরে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
বেলা সোয়া ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘণ্টা পর পৌনে ১টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
এ সময় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। সে সময় তাদের হাতে তাদের বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ওই সড়ক ছেড়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে অবস্থান নেন।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। তারা সরে যাওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল হক বলেন, “শিক্ষার্থীরা ১৫ থেকে ২০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।”
বর্তমান সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে ২০২৯ সালে সচিবালয়ের কার্যক্রম শুরু করতে শিগগির কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
