‘শক্তির জায়গায় ভরসা রেখে’ সুরিয়াভানশির রেকর্ডমালা
লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচটি বিশ্ব রেকর্ড গড়ার পর ভারতের বিস্ময় বালক বললেন, এক-দুই বল খেলেই বুঝে গিয়েছিলেন উইকেটে বোলারদের জন্য কিছু নেই।
মুখোমুখি প্রথম দুই বল ডট খেলেন বৈভাব সুরিয়ভানশি। এরপর তিনি যা করলেন, সেটা রীতিমত অকল্পনীয়। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের কচুকাটা করে পাঁচটি বিশ্ব রেকর্ড গড়ার পর ভারতের বিস্ময়-বালক বললেন, নিজের শক্তির জায়গায় ভরসা রাখার সুফল পেয়েছেন তিনি।
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে মঙ্গলবার ২৮ ছক্কা ও সাতটি চারে স্রেফ ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলেন সুরিয়াভানশি। তার টর্নেডো ইনিংসের সৌজন্যে আরব আমিরাতের ২৪৯ রান স্রেফ ১৪.২ ওভারে পেরিয়ে যায় ভারত ‘এ’ দল।
ইনিংসটির পথে ১৬ বলে ফিফটি করেন তিনি। পরের ১২ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। তার ২৮ বলের শতক লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। এরপর ৪০ বলে দেড়শ ও ৫২ বলে দুইশতে পা রাখেন সুরিয়াভানশি। এই দুটিও বিশ্ব রেকর্ড।
রেকর্ড ভাঙা-গড়ার ইনিংসটিতে ২৮টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তো বটেই, স্বীকৃতি ক্রিকেটেও এক ইনিংসে যা সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড।
এমন ব্যাটিংয়ের পর প্রত্যাশিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার জেতেন সুরিয়াভানশি। সেখানে তুলে ধরেন ইনিংসটি খেলার পথে তার ভাবনা।
“সবশেষ দুই ম্যাচে ভালো শুরুটা কাজে লাগাতে পারিনি। তাই পরিকল্পনা ছিল, ক্রিজে গিয়ে শুরুতে সময় নেব। তবে এক-দুই বল খেলার পরই বুঝতে পারি, উইকেট থেকে বোলাররা খুব বেশি সহায়তা পাচ্ছে না। তাই নিজের শক্তির ওপর ভরসা রেখেছি।
“নির্দিষ্ট কোনো চিন্তা ছিল না। শুধু মনে হয়েছিল, উইকেট যদি বোলারদের সহায়তা করে, তাহলে সময় নিয়ে লম্বা ইনিংস খেলার চেষ্টা করব। তবে সৌভাগ্যবশত, তেমনটা হয়নি। উইকেট ভালো ছিল, বলও ব্যাটে ভালো আসছিল। তাই নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি।”
১৫ বছর বয়সি সুরিয়াভানশি বললেন, ব্যাটিংয়ের শুরুতেই নিয়ন্ত্রণ নিতে পারায় এমন ইনিংস খেলতে পেরেছেন তিনি।
“আলাদা কিছু ছিল না। যতটা সম্ভব লম্বা সময় ব্যাটিং করার একই পরিকল্পনা ছিল। শুরুতে খেলা যদি আমার নিয়ন্ত্রণে না থাকত, তাহলে সময় নিয়ে খেলার চেষ্টা করতাম। তবে সৌভাগ্যবশত, শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নিতে পেরেছি। এরপর নিজের মতো করে খেলেছি।”
কিশোর বয়সে যা করছেন সুরিয়াভানশি, সেটা অনেকের কাছে স্বপ্নের মতো। কখনও কি ব্যাটিংয়ে সময় স্নায়ুচাপে ভোগেন তিনি, এমনটাও জানতে চাওয়া হয় তার কাছে।
“অবশ্যই। কিছুটা চাপ তো কাজ করেই। এটা স্বাভাবিক। কিছুটা স্নায়ুচাপে ভোগা মানুষের সহজাত বৈশিষ্ট্য। তবে দুই-চার বল খেলার পর আমি মানিয়ে নেই এবং নিজের স্বাভাবিক ব্যাটিং করি।”
