১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর নেতিবাচক মনোভাব যেন নিজের মনেও ছায়া না ফেলে

বারবার অভিযোগ, হতাশা আর নেতিবাচক কথার মুখোমুখি হলে, নিজের মানসিক শান্তি ধরে রাখবেন কীভাবে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 03:00 PM

Updated : 17 Nov 2026, 01:00 PM

সব সময় হাসিখুশি থাকা কারও জন্যই সম্ভব নয়। দুঃসময় আসবে, মন খারাপ হবে আবার কোনও কোনও ঘটনা নিয়ে হতাশাও তৈরি হবে।

এমন সময়ে কাছের জনের সঙ্গে কষ্ট ভাগ করে নেওয়া স্বাভাবিক। কিন্তু প্রতিটি কথায় অভিযোগ, প্রতিটি পরিস্থিতিতে আশঙ্কা আর সবকিছুর মধ্যেই খারাপ দিক খুঁজে পাওয়ার প্রবণতা থাকতে পারে বন্ধুর মধ্যে।

আর এমন নেতিবাচক মনোভাবের সঙ্গে দীর্ঘ সময় থাকতে থাকতে নিজের মনেও তার প্রভাব দেখা যায়। ফলে একসময় অন্যের হতাশা সামলাতে গিয়ে নিজের আনন্দ, স্বস্তি ও মানসিক শক্তিই যেন হারিয়ে যেতে পারে।

নেতিবাচক বন্ধুর কাছ থেকে দূরে সরে যাওয়াই সব সময় একমাত্র সমাধান নয়। বরং কেন কেউ এমন আচরণ করেন, বিষয়টি বোঝার পাশাপাশি নিজের জন্য কিছু সীমারেখা তৈরি করাও জরুরি।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মনোবিজ্ঞানী নাদিয়া নাসরিন বলেন, “সহানুভূতিশীল হওয়া এবং অন্যের নেতিবাচকতা নিজের মধ্যে গ্রহণ করে নেওয়া এক বিষয় নয়। কাউকে বুঝতে চেষ্টা করেও নিজের মানসিক শান্তি রক্ষা করা সম্ভব।”

কেন কেউ সবকিছুর খারাপ দিক দেখেন

ব্যক্তির চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি এক নয়। অনেক সময়ে সমস্যার মধ্যেও সম্ভাবনা খুঁজে পাওয়া যায়, আবার শুরুতেই কী কী ভুল হতে পারে, তা নিয়ে ভাবা যায়। এর পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতা, শৈশবের পরিবেশ এবং দীর্ঘদিনের অভ্যাস কাজ করতে পারে।

মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সম্ভাব্য বিপদ বা ক্ষতিকর বিষয় শনাক্ত করার চেষ্টা করে। শারীরিক বিপদের পাশাপাশি আবেগগতভাবে কষ্ট দিতে পারে, এমন বিষয়েও মস্তিষ্ক সতর্ক থাকে।

এই মনোবিদের বলেন, “শৈশবের অভিজ্ঞতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্য বা কাছের মানুষদের মধ্যে যদি সব সময় ভয়, আশঙ্কা ও অভিযোগের চর্চা থাকে, তবে শিশু সেসব আচরণকেই স্বাভাবিক বলে শিখতে পারে।”

কখনও কখনও নেতিবাচক আচরণের সঙ্গে মনোযোগ পাওয়ার বিষয়টিও জড়িত থাকে। দুঃখ বা হতাশার কথা বললে যদি অতীতে বেশি স্নেহ, সহানুভূতি বা উৎসাহ পাওয়ার অভিজ্ঞতা থাকে তবে অবচেতনভাবেই সেই আচরণ বারবার করা হয়।

“আর একসময় এটি ব্যক্তিত্বের অংশ হয়ে দাঁড়ায়। এমনকি জীবনে ভালো কিছু ঘটলেও ব্যক্তি নেতিবাচক দিক খুঁজে নিতে পারেন”, বলেন নাদিয়া নাসরিন।

অন্যের হতাশা নিজের ওপর যেভাবে প্রভাব ফেলে

সব সময় অভিযোগ করেন বা কোনও কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না- এমন কারও সঙ্গে সময় কাটালে নিজের মধ্যেও ক্লান্তি তৈরি হতে পারে। কথার পর কথা শুনতে শুনতে মনে হতে পারে, যেন নিজের আবেগের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

নাদিয়া নাসরিনের মতে, “সব সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করেন, এমন মানুষের সঙ্গে থাকতে থাকতে অন্যজনেরও মন খারাপ হতে পারে।”

এ ধরনের সম্পর্কে আরেকটি সমস্যা হল, একজনকে ভালো রাখার দায়িত্ব অন্যজন নিজের কাঁধে তুলে নেন। বন্ধু মন খারাপ করলে ভালো করার চেষ্টা, প্রতিটি সমস্যার ইতিবাচক দিক বোঝানো বা হতাশার বিপরীতে সব সময় উৎসাহের কথা বলা- এসব করতে করতে নিজের ওপরও মানসিক চাপ তৈরি হয়।

তাই একজনের আবেগ সামলে রাখতে গিয়ে অন্যজনের মনে হতে পারে, দুজনের মন ভালো রাখার দায়িত্বই যেন তার। কিন্তু প্রতিবার সাহায্যের চেষ্টা যদি নতুন অভিযোগ বা হতাশার মুখে পড়ে, তবে তা ক্লান্তিকর হয়ে ওঠে।

নিজের মানসিক শান্তি রক্ষার উপায়

প্রথমেই বন্ধুর আচরণটি, তার নজরে আনার চেষ্টা করা যেতে পারে। অনেকেই বুঝতে পারেন না যে, প্রতিটি পরিস্থিতিতে তিনি নেতিবাচক কথা বলছেন।

সরাসরি দোষারোপ না করে শান্তভাবে বিষয়টি জানালে তিনি নিজের আচরণ নিয়ে ভাবার সুযোগ পেতে পারেন।

পাশাপাশি প্রয়োজন ব্যক্তিগত সীমারেখা তৈরি করা। বন্ধুর সব অভিযোগ বা হতাশার কথা প্রতিবার দীর্ঘ সময় ধরে শুনতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।

“কোন বিষয় নিয়ে কতক্ষণ কথা বলবেন, কোন আলোচনা অস্বস্তিকর- এসব স্পষ্ট করা যেতে পারে”, পরামর্শ দেন এই মনোবিদ।

তবে শুধু নেতিবাচক সম্পর্ক থেকে দূরত্ব তৈরি না করে, জীবনে ইতিবাচক ব্যক্তিদের উপস্থিতিও বাড়াতে হবে। যাদের সঙ্গে কথা বললে মন ভালো হয়, উৎসাহ এবং আনন্দের অনুভূতি তৈরি হয়, তাদের সঙ্গে নিয়মিত সময় কাটানো জরুরি।

মনোবিদ নাদিয়ার পরামর্শ, “বন্ধুকে জোর করে ইতিবাচক হতে বলার পরিবর্তে চিন্তার পরিসর বাড়াতে সাহায্য করা যায়। অর্থাৎ শুধু ভালো দিক দেখতে বলার চেয়ে অন্য সম্ভাবনাগুলো নিয়ে ভাবতে উৎসাহিত করা বেশি কার্যকর হতে পারে।”

আরেকটি উপায় হলো, অভিযোগের পাশাপাশি বন্ধুকে ভালো দিকটিও খুঁজে দেখতে বলা। কোনও বিষয় নিয়ে অভিযোগ করলে একই ঘটনার একটি ইতিবাচক দিকও বলতে উৎসাহিত করা যেতে পারে।

এভাবে নিয়মিত এমন চর্চা করলে ধীরে ধীরে ইতিবাচক বিষয়গুলো খেয়াল করার প্রবণতা তৈরি হতে পারে।

সব মানুষকে বদলে ফেলা সম্ভব নয়

কখনও কখনও বন্ধুর নেতিবাচক কথার সরাসরি ইতিবাচক হওয়ার চেষ্টা না করে, কিছুটা রসিকতা বা মজার আশ্রয় নেওয়া যেতে পারে।

এই বিশেষজ্ঞর বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হল, অন্য কাউকে নিজের ইচ্ছামতো বদলে ফেলার চেষ্টা না করা। কেউ যদি নিজের আচরণ পরিবর্তনে আগ্রহী না হন, তবে বারবার বোঝাতে গিয়ে সম্পর্কের মধ্যে বিরক্তি তৈরি হতে পারে।”

পুরনো খবর:

বন্ধুত্ব হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি
বন্ধু পাতানোর রেসিপি
যেভাবে বন্ধুত্ব রক্ষা করতে হয়
বন্ধুদের মাঝে অবহেলিত কি-না, বোঝার রয়েছে উপায়