বন্ডের কাঁচামাল সরিয়ে স্টকলটের পোশাক রপ্তানির চেষ্টা ধরা পড়ল কাস্টমসের জালে
প্রায় ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়ার কথা বলেছে চট্টগ্রামের আইসিডি কাস্টমস হাউস।
বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামালে তৈরি পোশাক রপ্তানি না করে বরং স্থানীয়ভাবে সংগ্রহ করা ‘স্টকলটের’ পোশাক রপ্তানির চেষ্টা ধরা পড়েছে কাস্টম হাউসের জালে।
এতে সরকারের প্রায় ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পেয়েছে চট্টগ্রামের আইসিডি কাস্টমস হাউস।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, কাস্টমসের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২টায় চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায়। সেখানে গাজীপুরের প্রতিষ্ঠান বিকেসি সোয়েটার লিমিটেডের একটি রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাস্টমস হাউসের তথ্য বলছে, গত ২৩ নভেম্বর বিল অব এক্সপোর্টের আওতায় চালানটির কাগজপত্র জমা দেওয়া হয়। এতে তিন ধরনের পণ্য ঘোষণা করা হয়েছিল। এগুলো হলো, ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস ও মেনস সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট।
চালানের ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ডলার। গন্তব্য ঘোষণা করা হয়েছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম ছিল।
কাস্টমসের দাবি, কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের কিছুই পাওয়া যায়নি। এর বদলে ঘোষণাবহির্ভূত ৪০ হাজার ৮ পিস বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়।
ঘটনার চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে তথ্য দিয়েছে কাস্টম হাউস।
