২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফকির কমিটির সভাপতি আনোয়ার বলছি’, ভিক্ষার সময় বেঁধে দিয়ে মাইকিং

মাইকিংয়ের সময় তার সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির একটি পরিচয়পত্রও দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 10:30 PM

Updated : 25 Nov 2026, 10:30 PM

ময়মনসিংহের ফুলপুর বাজারে ‘ফকির কমিটির সভাপতি আনোয়ার বলছি’ বলে মাইকিং করে ভিক্ষার সময় বেঁধে দিয়েছেন একজন।

তার ঘোষণা অনুযায়ী, হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে বাজারে ভিক্ষা করা যাবে না। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। এ ছাড়া বিকাল ৫টার পর কেউ ভিক্ষা করলে তাকে দেড় হাজার টাকা জরিমানা ও তিন দিনের জেল দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারে ঘোষণা দিচ্ছেন একজন। এ সময় তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে ভিক্ষার সময় ও নিয়মের কথা জানান।

তার সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির একটি পরিচয়পত্রও দেখা যায়।

মঙ্গলবার দুপুরে ফুলপুর বাজারে এই মাইকিং করেন তিনি। পরে উপস্থিত কয়েকজন তার ঘোষণার ভিডিও করে ফেইসবুকে পোস্ট করেন। এরপর ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি কীভাবে জেল-জরিমানার ঘোষণা দিয়েছেন, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।