২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মিরপুরে ৬ ঘণ্টা পর সড়ক ছাড়ল অবরোধকারী শ্রমিকরা

শ্রমিকরা সড়ক ছাড়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 05:13 PM

Updated : 29 Oct 2026, 05:13 PM

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুরের দুটি স্থানে দুই দফা সড়ক অবরোধের পর বিকাল পৌনে ৪টার দিকে তারা সড়ে গেছেন।

অবরোধকারী শ্রমিকরা রাস্তা ছেড়ে দেওয়ার পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এ সময় কালশী রোডের ২২ তলা স্ট্যান্ডার্ড গার্মেন্টসে আন্দোলনরত শ্রমিকেরা ভাঙচুর চালান। দুপুর ১টার দিকে তারা সেখান থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

কিন্তু একই দাবিতে সকাল সাড়ে ১১টা থেকে পূরবী সিনেমা হলের সামনে মেট্রোরেলের ১১ নম্বর স্টেশন এলাকায় আবার সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মিরপুর-১২ ও কালশী সড়কে যান চলাচল ব্যাহত হয়ে ফের যানজটের সৃষ্টি হয়।

উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, “ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা প্রথমে মিরপুর ১০ নম্বর ও পরে ১১ নম্বর পূরবী সিনেমা হলের সামনের সড়কে নেমেছিলেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে তারা বিকাল পৌনে ৪টার দিকে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।”

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পূরবী সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুরনো খবর:

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট