মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট
সপ্তাহের শেষ কার্যদিবসে মিরপুরে এ যানজটের কারণে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে বলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন।
এর ফলে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে মিরপুরে এ যানজটের কারণে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
পুলিশ বলছে, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ দেখাতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপকমিশনার নাসের রিকাবদার বলেন, পুলিশ শ্রমিকদেরকে বুঝিয়ে রূপনগরের সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। কিন্তু পরে মিরপুর সাড়ে ১১ তে আরেকদল শ্রমিক এসে বিক্ষোভ শুরু করে। ফলে যান চলাচল শুরু করা যায়নি।
ট্রাফিকের মিরপুর বিভাগ এক ফেইসবুক পোস্টে বলেছে, "গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যানচলাচল সাময়িক ব্যাহত হচ্ছে।"
যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছে বলেও জানানো হয়েছে সেখানে।
