রুবিকস কিউব, গাড়ি পার্কিং থেকে নাচ: ভার্চুয়াল মাছির যত কাণ্ড
জীবের স্নায়ুতন্ত্রের ভেতরের বিভিন্ন সংযোগ ম্যাপিংয়ের জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে উন্নত সব ইমেইজিং কৌশল নিয়ে কাজ করছেন।
রুবিকস কিউব সমাধান থেকে শুরু করে গাড়ি পার্কিং– গুগলের দেওয়া নিউরন ম্যাপ ব্যবহার করে ভার্চুয়াল ফলের মাছিকে দিয়ে অদ্ভুত সব কাজ করাচ্ছেন ডেভেলপাররা।
গুগলের প্রকাশ করা ফলের মাছির ১ লাখ ৬৬ হাজার নিউরনের পূর্ণাঙ্গ ম্যাপ ব্যবহার করে সাম্প্রতিক সময়ে ডেভেলপাররা অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
ভার্চুয়াল বা সিমুলেটেড এসব ফলের দানার সমান মস্তিষ্কের অধিকারী ক্ষুদ্র পতঙ্গকে দিয়ে রুবিকস কিউব মেলানো শিখিয়েছেন তারা।
আরেকটি মাছিকে চারটি নির্দিষ্ট সুরের তালে ‘ভিলেজ পিপল’-এর বিখ্যাত ‘ওয়াই.এম.সি.এ.’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে।
ফলের মাছি দিয়ে পোকার ও ব্ল্যাকজ্যাক খেলার পাশাপাশি ডোনার কাবাব কাটার দৃশ্যও ফুটিয়ে তুলেছেন অনেকে।
সফটওয়্যার ডেভেলপার মার্ক আনথ্যাঙ্ক শত শতবার ব্যর্থ হওয়ার পর একটি মাছিকে গাড়ি প্যারালাল পার্কিং করাতে পেরেছেন।
ইতালিতে বসবাসকারী এই ডেভেলপার বলেছেন, প্রকৌশলী ও শিল্পীদের মূল উদ্দেশ্য আসলে মাছি কী করতে পারে তা দেখানো নয়, বরং ‘সবচেয়ে বোকার মতো কোন কাজটি আমরা এটাকে দিয়ে করাতে পারি তা খুঁজে বের করা’।
গাড়ি ঘোরানোর সময় মাছিটিকে ব্লিঙ্কার বা ইন্ডিকেটর ব্যবহার করতেও প্রোগ্রাম করেছিলেন তিনি। কারণ অনেক মানুষের কাছেই কাজটি বিরক্তিকর বলে ধারণা তার।
রসিকতা করে তিনি বলেছেন, “কাজটি এতটাই সহজ যে, মাছিও তা করতে পারে।”
ফলের মাছিদের মস্তিষ্কের এ ম্যাপ তৈরির কাজটি মোটেও সহজ ছিল না, বরং তা ছিল নিউরোসায়েন্সের গবেষণাকে এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
জীবের স্নায়ুতন্ত্রের ভেতরের বিভিন্ন সংযোগ ম্যাপিংয়ের জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে উন্নত সব ইমেইজিং কৌশল নিয়ে কাজ করছেন।
মানুষের মস্তিষ্কে প্রায় ৮ হাজার ৬০০ কোটি নিউরন থাকলেও ফলের মাছিদের নিউরন সংখ্যা কেবল ১ লাখ ৬৬ হাজার হওয়ায় তুলনামূলক কম জটিলতার কারণে গবেষকরা এগুলোকে বেছে নিয়েছেন।
জিনোম যেভাবে জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলোকে ম্যাপ করে তেমনই বিজ্ঞানীদের ভাষায় এসব স্নায়বিক ম্যাপকে বলে ‘কানেক্টোম’।
ভার্জিনিয়ার ‘হাওয়ার্ড হিউজ মেডিকেল ইনস্টিটিউট’-এর জেনেলিয়া রিসার্চ ক্যাম্পাসের গবেষকরা গুগলের অংশীদারিত্বে পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক পুরুষ ফলের মাছির মস্তিষ্কের এই নতুন ম্যাপ তৈরির কাজ করেছেন।
এ বড় কর্মযজ্ঞে শত শত গবেষক অংশ নিয়েছেন। তারা বলছেন, ম্যাপের সাহায্যে জীব কীভাবে আশপাশকে বুঝতে, স্মৃতি সংরক্ষণ ও বিভিন্ন উদ্দীপনায় প্রতিক্রিয়া দেখায় তা আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে।
নিউরোসায়েন্টিস্ট এবং জেনেলিয়া ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক নেলসন স্প্রাস্টন বলেছেন, “আমাদের লক্ষ্য কেবল এটা প্রমাণ করা নয় যে, একটি মাছি কাজ করতে পারে, বরং আমাদের লক্ষ্য এটা কীভাবে কাজ করে, সেটাই মূল বিষয়।”
ইনস্টিটিউটটি এখন দুটি মাছির, যেখানে একটি লার্ভা জেব্রাফিশ ও একটি প্রাপ্তবয়স্ক ড্যানিয়োলা মস্তিষ্কের ম্যাপ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।
তারা বলেছেন, এ গবেষণা একদিন মানুষের অ্যালঝেইমার্স কীভাবে হয় তা উদ্ঘাটনে সাহায্য করতে পারে। গবেষকরা ফলের মাছিকে গাড়ি চালাতে বা ভিডিও গেইম খেলতে দেখবেন এমনটা তারা কখনোই কল্পনা করেননি।
তবে এসব ঘটনাকে বেশ রোমাঞ্চকর ও আনন্দদায়ক বলেই মনে করছেন ড. স্প্রাস্টন।
‘প্রিন্সটন ইউনিভার্সিটি’র রিসার্চ সায়েন্টিস্ট আরি মাৎস্লিয়াহ বলেছেন, ফলের মাছির মস্তিষ্কের এসব ম্যাপ প্রকাশের ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন এআইচালিত বিভিন্ন কোডিং টুলের সক্ষমতাও বেড়েছে।
এ কারণে মানুষ এখন কেবল কয়েকটি সাধারণ প্রম্পট ব্যবহার করেই সিমুলেশন তৈরি করতে পারছে। ড. মাৎস্লিয়াহ ‘ফ্লাইওয়্যার কোডেক্স’ নামের এক অনলাইন পোর্টাল তৈরিতে সহায়তা করেছেন, যা থেকে প্রতিদিন হাজার হাজার মাছি ডাউনলোড হচ্ছে।
তিনি বলেছেন, “বিষয়টি এখন প্রায় মিমের রূপ নিচ্ছে। প্রত্যেকেই নতুন নতুন জিনিস চেষ্টা করে দেখছেন।”
ওকলাহোমার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যালেক্স ওয়ারমুথ বলেছেন, তিনি ওপেনএআই টুল ব্যবহার করে ফলের মাছিকে ১৯৯০-এর দশকের জনপ্রিয় ফার্স্ট-পার্সন শুটার ভিডিও গেইম ‘ডুম’ খেলাতে পেরেছেন, যার নাম ‘ডুমফ্লাই’।
মাছিটি কোনো শত্রুকে গুলি করে হত্যা করতে পারলে তার ডোপামিন রিসেপ্টর সক্রিয় হয়ে ওঠে, যা একে বেঁচে থাকার স্বার্থে পুনরায় আক্রমণ করতে উৎসাহিত করে।
এখন পর্যন্ত গেইমটিতে মাছিটি খুব একটা পটু নয় বলে উল্লেখ করেছেন তিনি। ওয়ারমুথ বলেছেন, “সে একটি শত্রুকে মারতে পেরেছে ঠিকই। তবে গেইমটি জেতার জন্য যে এটাই করতে হবে তা সে এখনও পুরোপুরি শিখতে পারেনি।”
এ ছাড়া, ওয়ারমুথ সিমুলেটেড এ ফলের মাছিটিকে ১০০ ডলারের আসল বিটকয়েন দিয়েছেন, যার মাধ্যমে এটা ক্রিপ্টোকারেন্সি কেনা, বিক্রি বা ধরে রাখতে পারে।
ক্রিপ্টোকারেন্সির দাম কমে যাওয়ার আগে শুক্রবার অল্প কিছু সময়ের জন্য মাছিটি প্রায় ১ ডলার মুনাফা করেছিল বলেও জানান তিনি।
তবে ড. মাৎস্লিয়াহ বলেছেন, ফলের মাছিদের মস্তিষ্কের ওপর ভিত্তি করে তৈরি এসব সিমুলেশন বাস্তবে মাছির স্নায়ুকোষ, পেশী ও অন্যান্য সিস্টেমের মধ্যকার জটিল মিথস্ক্রিয়াকে পুরোপুরি নিখুঁতভাবে ফুটিয়ে তোলে না।
“এগুলোতে বিভিন্ন অনুমান করে নেওয়া হয় বা অনুপস্থিত বিভিন্ন জৈবিক উপাদানকে অন্য কোনো উপাদান দিয়ে প্রতিস্থাপন করা হয়। যার মধ্যে নিউরনগুলোর সংযোগের শক্তি পরিবর্তন করার বিষয়টিও রয়েছে, যা এসব সিমুলেশনকে প্রকৃত মাছির চেয়ে অনেকটাই আলাদা করে তোলে।
“বাস্তব জীবনে একটি মাছির মস্তিষ্ক যে ডুম খেলতে পারবে এমনটা তো অবশ্যই নয়।”
এরপরও বিষয়টির মধ্যে কিছুটা বাস্তবতার ছোঁয়া রয়েছে বলে মনে করেন ড. মাৎস্লিয়াহ।
সাম্প্রতিক সময়ে এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে উদ্বেগের পাশাপাশি অনেকে ভাবছেন, সিমুলেশনের মাছিগুলো যখন রুবিকস কিউব মেলায় বা পোকার খেলার চেষ্টা করে তখন এদের মধ্যে কোনো ধরনের চেতনা তৈরি হচ্ছে কি না।
‘ডুমফ্লাই’-এর স্রষ্টা ওয়ারমুথ অবশ্য এ বিষয়ে সন্দিহান।
তিনি বলেছেন, “আমার তা মনে হয় না। তবে আমার কাছে এমনটা চমৎকার চিন্তামূলক পরীক্ষা বলে মনে হয়। কারণ ভবিষ্যতে একদিন মানব মস্তিষ্কের ক্ষেত্রেও হয়ত আমরা এমন কিছু দেখতে পাবো।”
