শিকার ধরতে ঠোঁট ও দেহের পুরো শক্তি খাটায় এই হাওয়াইয়ান পাখি
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এ পাখিদের খাবার সংগ্রহের পদ্ধতি পর্যবেক্ষণ করলেও এর পেছনের শারীরিক গঠন সম্পর্কে খুব কমই জানতেন।
কাঠঠোকরা না হলেও কাঠ খুঁড়ে খাবার সংগ্রহ করে হাওয়াইয়ের বিপন্ন প্রজাতির এক পাখি। কেবল অদ্ভুত ঠোঁটই নয়, এই পাখি খাবার শিকারে ব্যবহার করে এর পুরো দেহের শক্তি, যা নিয়ে নতুন তথ্য দিয়েছেন গবেষকরা।
রয়টার্স লিখেছে, ‘আকিয়াপোলাআউ’ নামের এ পাখির কোনো যন্ত্রপাতির বাক্স বা টুলবক্সের প্রয়োজন হয় না।
বিপন্ন প্রজাতির এই হাওয়াইয়ান পাখিটি প্রথমে গাছের কাঠে ঠোকর দেয়, এরপর এর অদ্ভুত ঠোঁটের নিচের অংশ দিয়ে কাঠ খোদাই করে এবং সবশেষে দীর্ঘ ও নমনীয় ওপরের ঠোঁটটি গর্তের ভেতরে ঢুকিয়ে পোকামাকড়ের লার্ভা খুঁজে বের করে খায়।
নতুন গবেষণায় হাওয়াইয়ান হানিক্রিপার গোত্রের এই পাখিটির অনন্য শারীরিক গঠনের সবচেয়ে বিস্তারিত চিত্র উঠে এসেছে, যেখানে দেখা গেছে, পাখিটি যখন কাঠে আঘাত করে তখন এর পা দুটোও সেই কাজে সক্রিয়ভাবে অংশ নেয়।
‘আকিয়াপোলাআউ’ পাখিটি কেবল হাওয়াই দ্বীপেই পাওয়া যায় এবং এটা পোকামাকড় ও গাছের ডালের ভেতরে লুকিয়ে থাকা লার্ভা খেয়ে বাঁচে।
হাওয়াই দ্বীপে স্থানীয় কোনো কাঠঠোকরা নেই, তবে কাঠঠোকরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকার পরও আকিয়াপোলাআউ কাঠের ভেতর থেকে শিকার ধরার নিজস্ব কৌশল রপ্ত করে একই ধরনের খাদ্যতালিকার শূন্যস্থান পূরণ করেছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এ পাখিদের খাবার সংগ্রহের পদ্ধতি পর্যবেক্ষণ করলেও এর পেছনের শারীরিক গঠন সম্পর্কে খুব কমই জানতেন।
বিষয়টি অনুসন্ধানে গবেষকরা ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে’-এর ‘মিউজিয়াম অফ ভার্টিব্রেট জুওলজি’ থেকে এ পাখির তিনটি কঙ্কাল পরীক্ষা করেছেন।
পাশাপাশি অন্যান্য জাদুঘরের সংগ্রহে থাকা মহাদেশীয় ফিনচ গোত্র সম্পর্কিত পাখিদের কঙ্কালের সঙ্গে সেগুলোর তুলনা করেছেন গবেষকরা।
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অরনিথোলজি’তে।
এ গবেষণার প্রধান লেখক ও ‘ইউনিভার্সিটি অফ শিকাগো’র পিএইচডি গবেষক ও ফিল্ড মিউজিয়ামের বৈজ্ঞানিক সহযোগী আলেকজান্ডার ক্লার্ক বলেছেন, “একটি প্রাণীর শারীরিক গঠন বইয়ের মতো, আর বাস্তব জীবনের আচরণ সিনেমার মতো।”
সেই ‘সিনেমায়’ প্রথম ধাপ হল শিকার কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করা। পাখিটি প্রথমে একটি ডাল পরখ করে ও ভেতরে কোনো ফাঁপা জায়গা আছে কি না তা বুঝতে মাঝেমধ্যে ওপরের ঠোঁট দিয়ে আলতো করে টোকা দেয়।
সঠিক জায়গাটি চিহ্নিত করার পর পাখিটি তার যন্ত্র বদলায়। এটা মুখ বড় করে হাঁ করে এবং ওপরের ঠোঁটটিকে যতটা সম্ভব দূরে সরিয়ে রেখে কেবল নিচের শক্ত ঠোঁট দিয়ে সজোরে কাঠ খোদাই করতে শুরু করে।
গর্ত তৈরি হওয়ার পর এটা সরু ওপরের ঠোঁটটি ভেতরে ঢুকিয়ে এদিক-ওদিক নাড়িয়ে শিকার খুঁজতে থাকে।
ক্লার্ক বলেছেন, “মুখ পুরোপুরি হাঁ করে রাখার সময় দেখে মনে হয় ছোট্ট পাখিটি যেন যে কাঠটি খোদাই ও সেটার দিকে তাকিয়ে চিৎকার করছে।”
গবেষকরা বলছেন, পাখিটির ওপরের ঠোঁটের ভেতরের গঠনও বেশ অদ্ভুত। এর ভেতরের হাড়ের কাঠামো বাইরের আবরণের তুলনায় প্রায় ৩৮ শতাংশ ছোট। হাড়বিহীন অংশটি নমনীয় হওয়ায় গর্তের ভেতরে শিকার খোঁজার সময় পাখিটি যখন মাথা এদিক-ওদিক নাড়ায় তখন ঠোঁটটি সহজেই বাঁকানো যায়।
ক্লার্ক বলেছেন, “আমি যখন পাখিটির এই আচরণ দেখেছি তখন আমার মনে হয়েছিল এর ঠোঁটটি বোধহয় ভেঙে যাবে, অথচ তা ভাঙে না।”
তবে সম্ভবত সবচেয়ে বড় চমকটি এসেছে পাখিটির পায়ের গঠন থেকে। এর ফিমার বা উরুর হাড় আনুপাতিকভাবে বেশ ছোট।
ক্লার্ক বলেছেন, “আপনি যদি সারাক্ষণ গাছের ডালে আঁকড়ে ধরে থাকেন ও অস্বাভাবিক ভঙ্গিতে নিজেকে ধরে রাখতে হয় তবে দেহের ভরকেন্দ্র নিচে নামিয়ে আনা বেশ সহজ, বিশেষ করে পায়ের দৈর্ঘ্য কমিয়ে আনার মাধ্যমে এটা সম্ভব।”
গবেষকরা পাখিটির গোড়ালি বাঁকানোর জন্য সুগঠিত পেশির সংযোগস্থলও খুঁজে পেয়েছেন।
ক্লার্ক বলেছেন, “পেশিটি সংকুচিত হলে গোড়ালি বেঁকে যায় ও পায়ের নিচের অংশটি দেহের কাছাকাছি চলে আসে। বিষয়টি অনেকটা এমন যে আপনি আপনার পা সামনের দিকে ছড়িয়ে দিয়ে পায়ের পাতাটি হাঁটুর নিচের হাড়ের দিকে টেনে তুলছেন, এতে যে পেশিটি কাজ করে এটাও ঠিক তেমনই।”
‘পুরো দেহের কাজ’
পাখিটি যখন ঠোঁট দিয়ে কাঠ খোদাই করে তখন সেই বিশেষ গতিটি প্রথমে দেহকে ওপরে তুলতে সাহায্য করে ও এরপর সজোরে নিচের দিকে আঘাত হানতে চালিত করে।
কাঠঠোকরাদের পদ্ধতির সঙ্গে এর পার্থক্য রয়েছে। কাঠঠোকরা ঘাড়ের পেশির জোর ব্যবহার করে মাথা পেছনের দিকে টেনে নেয় ও সামনের দিকে ফুড়ে দেয়।
গবেষক আলেকজান্ডার ক্লার্ক বলেছেন, “আকিয়াপোলাআউয়ের ক্ষেত্রে এটা পুরো দেহের একটি কাজ। অনেকটা কোদাল দিয়ে মাটি কাটার মতো, যেখানে আপনাকে পুরো দেহ দিয়ে তাতে জোর খাটাতে হয়।”
বারবার কাঠে আঘাত করার কারণে আঘাত পাওয়ার ঝুঁকিও থাকতে পারে ও এই প্রক্রিয়ায় আকিয়াপোলাআউয়ের মাথা বা খুলি কীভাবে এত চাপ সামলায় তা এখনো পুরোপুরি বুঝতে পারেননি বিজ্ঞানীরা।
কাঠঠোকরাদের চোখের মাঝখানে শক্ত হাড়ের কাঠামো থাকে, যা ড্রিল করার সময় তৈরি হওয়া চাপ সামলাতে সাহায্য করে।
ক্লার্ক বলেছেন, আকিয়াপোলাআউয়ের মধ্যেও কিছুটা এমন কাঠামো রয়েছে। তবে তা কাঠঠোকরার মতো অতটা শক্তিশালী নয়। এই কৌশল আয়ত্ত করতেও বেশ সময় লাগে। এ পাখিদের ছানারা খাবার খোঁজার কৌশল শিখতে দীর্ঘদিন বয়স্ক পাখিদের সঙ্গে থাকে।
“ঠোঁটের ওইরকম ব্যবহার করা রপ্ত করতে বেশ চর্চার প্রয়োজন।”
হাওয়াইয়ান হানিক্রিপার প্রজাতির পাখিরা বিলুপ্তির মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, “পৃথিবীর ইতিহাসে এমন দিনও আসবে, যেদিন ভোরের কোলাহলে আর এই পাখিদের গান শোনা যাবে না।”
