সরু পথ গলে অক্টোপাসের যাওয়ার কৌশলে তৈরি হবে নতুন রোবট
শক্ত কঙ্কালওয়ালা প্রাণীদের চেয়ে অক্টোপাসের শারীরিক গঠন আলাদা। এদের নমনীয় পেশীতন্ত্র কোনো হাড় বা কঙ্কাল ছাড়াই দেহে শক্তি ও চলাচলের সক্ষমতা জোগায়।
অসম্ভব মনে হওয়া সংকীর্ণ ফাঁক-ফোকড় দিয়ে অনায়াসে গলে যাওয়ার বিশেষ সক্ষমতার জন্য অক্টোপাস পরিচিত।
জলজ এসব অমেরুদণ্ডী প্রাণী কীভাবে এই জটিল কাজটি করে তা সম্প্রতি নিখুঁতভাবে চিহ্নিত করার দাবি বিজ্ঞানীরা করেছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
গবেষণায় দেখা গেছে, ছিদ্র বা গর্তের আকার কতটা ছোট এর ওপর ভিত্তি করে অক্টোপাস নিজেদের আটটি বাহু ও নরম দেহকে নির্দিষ্ট ধাপে সাজিয়ে কৌশল পরিবর্তন করে।
বিজ্ঞানীরা বলছেন, অক্টোপাসের এই কৌশল ভবিষ্যতে সংকীর্ণ বা ঝুঁকিপূর্ণ স্থানে চলাচলের উপযোগী রোবট তৈরির ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা দিতে পারে।
শক্ত কঙ্কালওয়ালা মানুষ বা অন্যান্য প্রাণীদের চেয়ে অক্টোপাসের শারীরিক গঠন সম্পূর্ণ আলাদা। এদের দেহ নমনীয়, যাকে বিজ্ঞানীরা ‘মাসকুলার হাইড্রোস্ট্যাট’ ব্যবস্থা বলেন। এ এমন এক ধরনের পেশীতন্ত্র, যা কোনো হাড় বা কঙ্কাল ছাড়াই দেহে শক্তি ও চলাচলের সক্ষমতা জোগায়।
অক্টোপাসের আটটি বাহু ইচ্ছামতো বাঁকানো ও প্রসারিত করা যায়, এদের দেহের মূল অংশ বা ‘ম্যান্টল’-এর আকারও বদলে ফেলা সম্ভব। এদের সংবহনতন্ত্রও এ ধরনের সংকুচিত শারীরিক কাঠামোর সঙ্গে মানানসই।
প্রধান রক্তনালীগুলোতে পেশীবহুল পাম্পিং ব্যবস্থা দেহের কোনো অংশ সংকুচিত হলেও স্থানীয়ভাবে রক্ত চলাচল বজায় রাখতে সহায়তা করে।
গবেষণাপত্রটির অন্যতম লেখক ও ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর’-এর ‘সফট রোবোটিক্স ল্যাব’-এর গবেষক ওয়েনসি শিন বলেছেন, “প্রকৃতিতে অক্টোপাস নিজের দেহের চেয়ে অনেক ছোট ফাঁক দিয়ে চলাফেরা করতে পারে, বিজ্ঞানের ভাষায় যাকে বলে স্কুইজিং বিহেভিয়ার’ বা সংকীর্ণ ফাঁক দিয়ে শরীর চেপে গলে যাওয়ার কৌশল।
“এসব প্রাণী কীভাবে এই আচরণ করে তার কোনো সার্বজনীন নকশা বা ধরন রয়েছে কি না, যা ভবিষ্যতে রোবটের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে আমরা তা অনুসন্ধান করেছি।”
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক ‘জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি’-তে।
এ গবেষণায় গবেষকরা তিনটি অক্টোপাসকে মানিয়ে নেওয়া যায় এমন এক ছোট ছিদ্র দিয়ে গলে যাওয়ার দৃশ্য ভিডিওতে ধারণ করেছেন। এতে তারা দুটি প্রধান কৌশলের সন্ধান পেয়েছেন।
ছিদ্রটি যদি অক্টোপাসের দুই চোখের মধ্যবর্তী দূরত্বের চেয়ে চওড়া হয় তবে তারা তিন ধাপের প্রক্রিয়া অনুসরণ করে। আর ছিদ্রটি তার চেয়ে সংকীর্ণ হলে এরা চার ধাপের কৌশল প্রয়োগ করে।
ওয়েনসি শিন বলেছেন, “শুরুতে আমরা ভেবেছিলাম প্রাণীগুলো হয়ত সব সময় একই কৌশল ব্যবহার করে। তবে ছিদ্রের আকার অনুসারে কৌশল বদলে যেতে দেখে আমরা সত্যি বিস্মিত হয়েছি।”
তিন ধাপের কৌশলে অক্টোপাস প্রথমে একটি বাহু দিয়ে ছিদ্রটি পরীক্ষা করে তারপর আরও কয়েকটি বাহু ভেতরে ঢুকিয়ে দেয়। শেষ ধাপে ভেতরে ঢোকানো বাহু দিয়ে দেওয়ালে চাপ দিয়ে বাকি বাহু, মাথা ও ম্যান্টলকে টেনে অপর পাশে নিয়ে আসে।
অন্যদিকে, ছিদ্র আরও ছোট হলে অক্টোপাস একটি অতিরিক্ত ধাপ যোগ করে। প্রথমে বাকি বাহুগুলো ছিদ্রের ওপারে নিয়ে যায়। এরপর মাথা ও ম্যান্টল আলাদাভাবে গলিয়ে অপর পাশে পৌঁছায়।
তবে ঠিক কতটা ছোট ফাঁক দিয়ে একটি অক্টোপাস গলে যেতে পারে এর চূড়ান্ত সীমা কী তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
দীর্ঘদিন ধরে ধারণা করা হত, অক্টোপাসের শক্ত চঞ্চু বা ঠোঁট, যা চোয়াল হিসেবে কাজ করে ও দেহের একমাত্র শক্ত অংশ গলে যাওয়ার সক্ষমতার প্রধান বাধা।
তবে সাম্প্রতিক পরীক্ষায় ইঙ্গিত মিলেছে, এটা চঞ্চু নয়, বরং দেহের কাছাকাছি অংশে বাহুগুলোর আকারই মূল সীমারেখা হতে পারে।
স্পর্শ অনুভূতি ও ভবিষ্যতের প্রযুক্তি
অক্টোপাসের জন্য সংকীর্ণ জায়গায় চেপে ঢুকে পড়ার এই সক্ষমতা যেমন আত্মরক্ষার বা পালিয়ে যাওয়ার পথ তৈরি করে তেমনই অন্য কোনো সামুদ্রিক প্রাণীর পক্ষে যা অসম্ভব এমন কঠিন স্থানে গিয়ে শিকার করার সুযোগও দেয়।
গবেষণাপত্রটির সহ-লেখক ও ‘ইউনিভার্সিটি অফ নেপলস ফেদেরিকো টু’-এর জীববিজ্ঞানী মাইকেল কুবা বলেছেন, “মূল বিষয়টি অক্টোপাস এর বাহুর স্পর্শ অনুভূতি ব্যবহার করে ছিদ্র বা ফাঁকটি প্রথম পর্যবেক্ষণ করে।”
তবে সব প্রজাতির অক্টোপাস যে একইভাবে সংকীর্ণ স্থানে ঢোকে তা নাও হতে পারে। কুবা বলেছেন, অক্টোপাস উপকূলীয় অঞ্চলের পাথুরে এলাকায় বিচরণ করে এবং এরা নানা ধরনের শিকারি ধরে।
পাথুরে উপকূলে অক্টোপাসের ঢোকার মতো অনেক ছোট গর্ত থাকে। তবে বালুকাময় সমুদ্রতলে বসবাসকারী বা ভিন্ন শারীরিক গঠন ও বাহুর দৈর্ঘ্যের অক্টোপাসের সংকীর্ণ জায়গায় ঢোকার কৌশল আলাদা হতে পারে।
গবেষকরা বলছেন, অক্টোপাস কীভাবে এই সমস্যার সমাধান করে তা বুঝতে পারলে প্রকৌশলীরা সংকীর্ণ স্থানে চলাচলের উপযোগী আরও বহুমুখী রোবট তৈরি করতে পারবেন।
ওয়েনসি শিন বলেছেন, দুর্ঘটনাস্থল বা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে চলাচলের জন্য তৈরি বিভিন্ন অনুসন্ধানী রোবট সরু ও লম্বা আকারের হয়, যাতে সংকীর্ণ ফাঁক দিয়ে এগুলো গলতে পারে।
তবে অক্টোপাসের কৌশল থেকে অনুপ্রাণিত রোবট আরও বেশি সরঞ্জাম বহনে সক্ষম হতে পারে, যার নমনীয় বাহুগুলোতে যুক্ত থাকবে বিভিন্ন সেন্সর, সরঞ্জাম বা যোগাযোগ যন্ত্র।
এ ধরনের রোবট তৈরি করা প্রকৌশলীদের জন্য বড় চ্যালেঞ্জ।
গবেষক শিন বলেছেন, সংকীর্ণ ছিদ্র দিয়ে গলে যাওয়ার জন্য রোবটের বাহুগুলোকে পর্যাপ্ত নমনীয় হতে হবে, আবার দেহের বাকি অংশকে টেনে তোলার সময় সেগুলোকে বাঁকানো, মোচড়ানো ও প্রসারিত করার মতো শক্তিশালী ও সুনিপুণও হতে হবে।
তবে এ ধরনের জটিল মেকানিজম নিয়ন্ত্রণের জন্য যেসব প্রচলিত অ্যাকচুয়েটর প্রয়োজন হয়, তা সাধারণত রোবটে শক্ত যন্ত্রাংশ যুক্ত করে নমনীয়তা কমিয়ে দেয়।
মাইকেল কুবার বলেছেন, গবেষণাটি মনে করিয়ে দিয়েছে, এসব প্রাণীর বিষয়ে এখনও কত কিছু শেখা বাকি।
“সমুদ্রের বুকে নরম দেহের বুদ্ধিমান প্রাণী হিসেবে অক্টোপাস সবসময় মানুষকে আকর্ষণ করে। তবে বাস্তবে অক্টোপাসের দৈনন্দিন জীবন কীভাবে চলে, সে সম্পর্কে আমরা খুব কমই জানি।”
