২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় পদ্মা তীরের সুরেশ্বর মাছঘাটে ফের ভাঙন

পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও দেড় মাসের ব্যবধানে আবার সেখানে ভাঙন দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 05:42 PM

Updated : 28 Nov 2026, 05:42 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার তীরে সুরেশ্বর মাছঘাটে আবারও ভাঙন দেখা দিয়েছে।

গত ১ অক্টোবর ওই এলাকায় হঠাৎ ভাঙন দেখা দেয়। পরে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও দেড় মাসের ব্যবধানে বৃহস্পতিবার ও শুক্রবার আবার সেখানে ভাঙন দেখা দিয়েছে।

ফলে নতুন করে উদ্বেগে পড়েছেন ব্যবসায়ীরা।

শরীয়তপুর পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবার পদ্মায় স্রোত ও পানির উচ্চতা বেড়েছে। এতে গত কয়েক দিন ধরে সুরেশ্বর মাছঘাট এলাকায় আবারও ভাঙন দেখা দেয়।

সরেজমিনে নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় দেখা গেছে, পদ্মার ডানতীর রক্ষা বাঁধের শেষ প্রান্তে অবস্থিত মাছ ঘাটের পূর্ব ও পশ্চিম পাশে নতুন ভাঙন দেখা দিয়েছে। আগে ফেলা জিও ব্যাগের অধিকাংশ নদীতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সামান্য কিছু জিও ব্যাগের অস্তিত্ব চোখে পড়লেও বাঁধ নির্মাণে ব্যবহৃত ব্লকও নদীতে বিলীন হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈরি আবহাওয়ায় কয়েকদিন টানা বৃষ্টির পর এই এলাকায় নতুন করে ভাঙন দেখা দেয়।

মাছের আড়তদার রবিন মুন্সী বলেন, সুরেশ্বর মাছঘাটের ব্যবসাটি তাঁর দাদার আমলের। পরে বাবার পথ ধরে তিনিও এখানে ব্যবসা করছেন। সব মিলিয়ে তার পরিবারের প্রায় ৪৫ বছরের মাছের ব্যবসা। প্রতিদিন অন্তত ১০-১৫ লাখ টাকার মাছ বিক্রি করেন।

তিনি বলেন, গত মাসে বাজারের মাঝামাঝি বড় একটি অংশ ভেঙে গেলে পাউবো জিও ব্যাগ ফেলে। তিন দিনের বৃষ্টিতে আবারও ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগগুলো নদীতে চলে গেছে।

দ্রত ব্যবস্থা না নিলে হয়তো মাছ বাজারটি আর থাকবে না, বলে শঙ্কা জানান তিনি।

এ ঘাটে মাছ বিক্রি করা জেলে রশিদ ঘরামি বলেন, প্রতিদিন ভোরে তারা মাছ নিয়ে সুরেশ্বর বাজারে আসেন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলে কেনাবেচা। এ বাজারে দিনে অন্তত কোটি টাকার মাছ বিক্রি হয়।

তিনি বলেন, কয়েকশ জেলে, ক্রেতা, বিক্রেতা ও আড়ত শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এ বাজারকে ঘিরে। ভাঙনের কারণে তাদের এ জীবিকার জায়গাটি ঝুঁকিতে পড়েছে।

এর আগে গত ১ অক্টোবর সেখানে হঠাৎ ভাঙন দেখা দিলে বাঁধের প্রায় ৬০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। সেই সঙ্গে মাছ বাজারের অন্তত ২০টি দোকান নদীতে বিলীন হয়।

পরে আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট প্রায় ২০০ মিটার দক্ষিণে সরিয়ে নেন। জরুরি ভিত্তিতে প্রায় দুই কোটি টাকা খরচ করে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে পাউবো।

শরীয়তপুর পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, সাম্প্রতিক বন্যায় সুরেশ্বর এলাকায় বাঁধের প্রায় ৫০ থেকে ৬০ মিটার অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার পানি বৃদ্ধি ও নদীর তলদেশে গভীরতা বেড়ে যাওয়াই এর কারণ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ১৫ দিনের মধ্যে ১৩৫ মিটার এলাকাজুড়ে ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়।

এ প্রকৌশলী বলেন, ভাঙন ঠেকাতে অতীতে ফেলা জিও ব্যাগগুলো স্রোতে তলিয়ে গেছে। এখন ওই অংশের জন্য তারা নতুন নকশা তৈরি করছেন। শীঘ্রই কাজ শুরু করবেন।