০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু

তরুণ সমাজকে মাদক থেকে দূরে নিয়ে আসতে হলেও স্কাউটিংয়ের বিকল্প নেই, বলেন ত্রাণমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 03:00 PM

Updated : 06 Nov 2026, 03:00 PM

উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, “একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছিল বিএনপি। এরপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্টগুলোকে লাঘব করতে বিভিন্ন স্থানে দিনরাত কাজ করা হচ্ছে।”

শুক্রবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, “আমরা ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড এই কারণে দিচ্ছি যাতে করে মানুষের সক্ষমতাটা তৈরি হয়। এই সরকার উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।”

শিশু-তরুণদের জন্য স্কাউটিং খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, “শিশুকাল থেকেই যদি স্কাউটিং শিখে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠে তাহলেই তার জীবনটা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। সেই সাথে সমাজের নানান অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে।”

এছাড়া তরুণ সমাজকে মাদক থেকে দূরে নিয়ে আসতে হলেও স্কাউটিংয়ের বিকল্প নেই, বলেন তিনি।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।