১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী

“বাংলাদেশকে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে,” বলেন তিনি।

ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:00 AM

Updated : 12 Nov 2026, 12:00 AM

যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ঢাকার আশপাশে একাধিক রানওয়েসহ নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে সংসদে বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন।

বুধবার বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যেও নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিএনপির সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমানে নিজস্ব ১৯টি উড়োজাহাজ রয়েছে। এরই মধ্যে বোয়িংয়ের ২৫টি এবং এয়ারবাসের ১০টিসহ মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসের উড়োজাহাজগুলো ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল

জামায়াতের সংসদ সদস্য মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, দেশে বর্তমানে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন।

বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই করে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে।

নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার পাচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরে বিবেচনা করা হবে।

এ জন্য শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, সুশীল সমাজ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও আলোচনার মাধ্যমে তালিকা তৈরির পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।