বন্ধ কারখানা চালুর প্রণোদনার টাকা ছাড়ে বাধার অভিযোগ এমপি কালামের
ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানতে চাইছে না বলে অভিযোগ তার।
বন্ধ কলকারখানা চালু এবং চালু কারখানার উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা বা সহজ শর্তে ঋণ দ্রুত ছাড়ের দাবি তুলেছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। কিন্তু এখনো ঋণের অর্থ ছাড় করা হয়নি। বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন অজুহাতে অর্থ ছাড় করছে না। ঋণ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের মধ্যে সুসম্পর্ক থাকার শর্ত দেওয়া হয়েছে।”
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও মানতে চাইছে না অভিযোগ তুলে তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার অনেক কর্মকর্তা এখনো বাণিজ্যিক ব্যাংকগুলোতে বহাল থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে।”
অর্থনীতিকে সক্রিয় ও বন্ধ কলকারখানা চালু করতে বাংলাদেশ ব্যাংক গত মে মাসে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর মধ্যে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে ৪১ হাজার কোটি টাকা এবং কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ১৯ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দে দলীয়করণ ও চাঁদাবাজির অভিযোগ
জয়পুরহাট-১ আসনে জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ অধিবেশনে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের বরাদ্দে দলীয়করণ এবং চাঁদাবাজির অভিযোগ তোলেন।
তার দাবি, “সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের জন্য সংসদ সদস্যরা ডিও লেটার বা সুপারিশপত্র দিলেও তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। কিছু এলাকায় সরকারি দলের নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বলছেন, বিরোধী দলের সংসদ সদস্যদের সুপারিশপত্রে কাজ হবে না। বরাদ্দ পেতে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এভাবে কোথাও কোথাও চাঁদাবাজি শুরু হয়েছে।”
বিভিন্ন সরকারি দপ্তরেও দলীয়করণের অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, “সরকারি দলের নেতাকর্মীদের নির্দেশনা ছাড়া অনেক কর্মকর্তা কাজ করছেন না।”
পরে সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারে দেওয়া সুপারিশপত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের ‘টোপ’ হতে দেওয়া যাবে না: এমপি রানু
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যুর তথ্য তুলে ধরে রাশিয়ায় বিপদে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
তিনি বলেছেন, “কোনো দেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার হতে না দেওয়া নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব।”
গত তিন বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও জানান। রানু বলেন, “যুদ্ধক্ষেত্রে নিহত বাংলাদেশিদের মরদেহও পরিবারগুলো ফেরত পাচ্ছে না। স্বজন হারানোর বেদনার পাশাপাশি ঋণদাতাদের চাপ তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।”
সফরে স্থানীয় এমপিদের সঙ্গে না রাখায় ডেপুটি স্পিকারের অসন্তোষ
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম অভিযোগ করেন, মন্ত্রীরা বিভিন্ন সংসদীয় এলাকা সফরে গেলেও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখেন না।
তার দাবি, মন্ত্রীরা স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলে জনগণের আস্থা বাড়বে।
এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, মন্ত্রীরা বিভিন্ন এলাকায় সফরে গিয়ে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখেন না বলে তারাও অভিযোগ পান। সরকারি কিংবা বিরোধী দল যে দলেরই হোন না কেন, স্থানীয় সংসদ সদস্যদের সফরে সঙ্গে রাখা উচিত।
ঢাকার চার লেকের দূষণ নিয়ে উদ্বেগ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি রাজধানীর ধানমন্ডি, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “একসময় এসব লেককে রাজধানীর ফুসফুস বলা হত। কিন্তু এখন আবাসিক ও শিল্প কারখানার বর্জ্যে লেকগুলোর পানি দূষিত হয়ে পড়েছে।
“দূষণের কারণে মাছ মরে ভেসে উঠছে। আশপাশের গাছপালা ও প্রাণিকুলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত পানিতে মশার বংশবিস্তার ঘটছে এবং লেকের পাশের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।”
এসব সমস্যা সমাধানে ওয়াসার মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার দাবি জানান তিনি।
চিকিৎসার খরচে বছরে ৬১ লাখ মানুষ দরিদ্র হওয়ার তথ্য
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সরকারি হাসপাতালগুলোর সেবার মান ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “শহর থেকে গ্রাম পর্যন্ত সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার অবস্থা হতাশাজনক। কোথাও চিকিৎসক নেই, কোথাও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। রোগ নির্ণয়ের যন্ত্রপাতি থাকলেও কোথাও প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ নেই। কোথাও আবার প্রশিক্ষিত কর্মীর অভাব রয়েছে।”
তার অভিযোগ, “সরকারি হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টা রোগ নির্ণয়ের সেবা চালু থাকে। বাকি ১৯ ঘণ্টা সেবা বন্ধ থাকে। এ কারণে প্রায় ৭৫ শতাংশ রোগীকে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে যেতে হয়।”
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্য দিয়ে মোবাশ্বের আলম বলেন, “চিকিৎসার খরচ মেটাতে গিয়ে প্রতিবছর ৬১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। দেশের প্রায় ৫৮ শতাংশ মানুষ চিকিৎসার জন্য ধারদেনা করেন। আর প্রায় তিন কোটি মানুষ খরচ বহন করতে না পেরে চিকিৎসা নেন না।”
সরকারি হাসপাতালের সেবার মান বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলেন এই সংসদ সদস্য।
