১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

মন্ত্রী বলেন, “কেবল অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, এর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলেই প্রকৃত উন্নয়ন সার্থক হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 10:09 AM

Updated : 15 Nov 2026, 10:09 AM

বাল্যবিয়ে কিংবা যৌতুকের বিয়ে নিবন্ধন করলে নিকাহ রেজিস্টারদের (কাজি) লাইসেন্স সরাসরি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

কাজিদের উদ্দেশে মন্ত্রী বলেন, “সঠিক বয়স যাচাই-বাছাই করে বিয়ে নিবন্ধন করতে হবে এবং বিয়ের অনুষ্ঠানেই বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব সতর্কবার্তা দেন।

আসাদুল হাবিব দুলু বলেন, "ভালো পোশাক আর ভালো চেহারা হলেই মানুষ ভালো হয় না; অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ। আমাদের সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো ধ্বংসের পথে। কেবল অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, এর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলেই প্রকৃত উন্নয়ন সার্থক হবে।”

সমাজে অর্থের উৎস না দেখে মানুষকে সম্মান দেওয়ার প্রবণতার সমালোচনা করে মন্ত্রী বলেন, “আমরা টাকা দেখে মসজিদের সভাপতি বানাই, কিন্তু তার টাকার উৎস খুঁজি না। ঘুষ বা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। মাদক সেবন ও ইবাদত একসাথে চলে না। নিজের বিবেককে সবচেয়ে বড় পাহারাদার বানাতে হবে।”

এসময় মন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের ভেতরে কোনো মাদকসেবী থাকলে তাকে স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সামাজিক এই আন্দোলনের লক্ষ্য ও কার্যক্রম দেখে অভিভূত হয়ে এর মধ্যেই অন্যান্য জেলার জেলা প্রশাসকরা লালমনিরহাট পরিদর্শন করেছেন এবং নিজ নিজ জেলায় তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে এ সভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে আলোকিত লালমনিরহাটের নির্ধারিত পোশাক বিতরণ করেন মন্ত্রী। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।