১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল

“বেলা আড়াইটায় আপিলের শুনানি হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 02:20 PM

Updated : 19 Nov 2026, 02:20 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে সরকার। একই আদেশের বিরুদ্ধে আপিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও।

বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের পক্ষ থেকে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় আপিলের শুনানি হবে।

তিনি বলেন, আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিল করার কথা জানিয়ে শিক্ষালয়টির আইনজীবী কাজী জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে বিষয়টির ওপর ভিত্তি করে রিট আবেদনটি করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার তাদের রেজুলেশনের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে। এটিই আপিলের মূল যুক্তি।”

এছাড়া জনস্বার্থে করা ওই রিট আবেদনের গ্রহণযোগ্যতা বা আবেদনকারীর ‘লোকাস স্ট্যান্ডি’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

জয়নাল আবেদীন বলেন, “যাদের ব্যাপারে এই রিটটা আনা হয়েছে, সরাসরি সংক্ষুব্ধ (অ্যাগ্রিভড) সেই পরীক্ষার্থীরা কিন্তু এই রিটের কোনো পক্ষ না। জনস্বার্থ রিটের (পিআইএল) এখানে অপব্যবহার হচ্ছে।”

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দুই সাবজেক্টে ফেল করার পর পুনঃপরীক্ষায় কৃতকার্য হয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই রেয়ার।

“এই গুটিকয়েক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিজস্ব নিয়ম এবং উচ্চশিক্ষার জন্য অপেক্ষমাণ মেধাবী শিক্ষার্থীদের বৃহত্তর অংশের অধিকারকে হস্তক্ষেপ করা ঠিক হবে না।”

বিষয়টি প্রশাসনিকভাবে সমাধানের সুযোগ ছিল মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইনজীবী বলেন, “অধিকার কখনোই নিরঙ্কুশ (অ্যাবসলিউট) নয়। রিটের মাধ্যমে এমন কাউকে বাড়তি সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, যিনি আদৌ এই সুবিধা নিতে সক্ষম হবেন কি না, তা অনিশ্চিত।”

এর আগে বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন।

একই সঙ্গে ভর্তি পরীক্ষার অনলাইন পোর্টাল খোলা রাখা এবং যেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা এখনও শেষ হয়নি, তাদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।

আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা ওই রিট আবেদনে বলা হয়, এইচএসসি পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। সরকার এক মাসের মধ্যে তাদের পুনঃপরীক্ষা নিয়ে ২৩ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভর্তি পরীক্ষার সময় ২৫ দিন পিছিয়ে দিলে এসব শিক্ষার্থীও অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ইউজিসির নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো তা বিবেচনায় না নেওয়ায় রিট মামলাটি করার কথা জানিয়েছেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ।