ভর্তি পরীক্ষা স্থগিত: হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার
আপিল আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়েছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশে আপাতত হস্তক্ষেপ করেনি আপিল বিভাগের চেম্বার আদালত।
আগামী সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করা হবে।
বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।
পরে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বুধবার হাই কোর্ট অন্তর্বর্তীকালীন আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার আদেশ দিয়েছে।
বৃহস্পতিবার এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিলের পর অ্যাটর্নি জেনারেল বলেন, হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্থগিত চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়। পরে চেম্বার আদালতের বিচারপতি তা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।
পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য মামলাটি দুই নম্বর কার্যতালিকায় রাখা হয়েছে বলে তথ্য দেন তিনি।
হাই কোর্টের আদেশ স্থগিত চাওয়ার বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজেদের বিধি অনুযায়ী যাতে কোনোভাবেই কোনো শিক্ষাবর্ষ লস না হয়, শিক্ষার্থীরা যেন কোনো কারণে তাদের শিক্ষা থেকে বঞ্চিত না হন সেজন্য পরীক্ষা না পেছাতে চায় না।
মেধাবীরা কেন অপেক্ষা করবে¬–এরকম একটা চিন্তা থেকে বিশ্ববিদ্যালয়গুলো যেন নিজদের মতো করে পরীক্ষা নিতে পারে, ভর্তি পরীক্ষার কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেটাই তুলে ধরা হয়েছে আবেদনে বলে যোগ করেন তিনি।
রিট আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “রিট আবেদনকারী পরীক্ষার্থী নন, পরীক্ষার্থীর মা-ও নন। তার রাজনৈতিক পরিচয় রয়েছে, বিষয়টিও আদালতে তুলে ধরা হয়েছে।”
গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করে।
ইউজিসির আহ্বানে অধিভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছালেও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত বহাল রাখে।
পরে ইউজিসির সিদ্ধান্ত অনুসরণ না করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এদিকে কাঙ্ক্ষিত ফল না পেয়ে গত ৮ নভেম্বর পর্যন্ত ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেন। পুনর্নিরীক্ষা ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
