মিরপুরের সড়কে ফের পোশাক শ্রমিকরা
পুলিশ শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
বেতন নূন্যতম ৩০ হাজার টাকা করার দাবিতে ফের ঢাকার মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছেন পোশাক শ্রমিকরা।
শনিবার সকাল ১০টা থেকে মিরপুরের একাধিকস্থানে সড়ক বন্ধ করে রেখেছে বলে জানান পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
তিনি বলেন, আশেপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ দেখাতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানান উপ কমিশনার নাসের।
এদিকে ট্রাফিক মিরপুর বিভাগ এক ফেইসবুক পোস্টে বলেছে, গার্মেন্ট কর্মীদের আন্দোলনের কারনে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
তারা বলছে, ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।
সবাইকে সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কার্যদিবসে কয়েকঘণ্টার ওই অবরোধে সৃষ্টি হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছিলেন ওই পথের যাত্রীরা।
