মিরপুরের সড়কে ফের পোশাক শ্রমিকরা, পুলিশের বাধা
মিরপুর ১ নম্বর এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার মিরপুরে সড়কে নেমে ফের সড়ক অবরোধের চেষ্টা করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে সড়কে অবস্থানের চেষ্টা করেছিল বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন।
তবে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি এবং বাধার মুখে তারা প্রধান সড়কে উঠতে পারেনি।
ওসি বলেন, “শ্রমিকরা সড়কে অবস্থান নিতে চেষ্টা করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে, সরকার আপনাদের দাবি মেনে নিচ্ছে, সড়ক বন্ধ করা যাবে না।”
পরে তারা সড়কের পাশেই নিজেদের দাবিদাওয়ার বিষয়ে কথাবার্তা বলে ওই এলাকা থেকে চলে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা জালাল।
ওই এলাকা ছেড়ে গেলেও শ্রমিকরা মিরপুর ১ নম্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দলে দলে মিছিল নিয়ে শ্রমিকদের ১০ নম্বরের দিকে যেতে দেখা গেছে।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। রাজধানীর পরিস্থিতি শান্ত হলেও বাইরে প্রায় প্রতিদিনই আন্দোলন-বিক্ষোভের খবর আসছিল।
এর মধ্যে সোমবার পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত হয়। এর পরদিনই সড়কে নামলেন মিরপুরের শ্রমিকরা।
