১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের ধাওয়া-টিয়ারশেল

“বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে,” বলেন ডিসি রিকাবদার।

মিরপুরে পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের ধাওয়া-টিয়ারশেল

মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে মঙ্গলবার সকালে বিজিবি ও পুলিশের অবস্থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 11:58 AM

Updated : 17 Nov 2026, 11:58 AM

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার মিরপুরে জড়ো হতে চাওয়া পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর ২ নম্বর এলাকায় পোশাক শ্রমিকরা মিছিল নিয়ে ১০ নম্বরের দিকে যেতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়।

একপর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে এবং ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

সোয়া ১১টার দিকে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে সকাল ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচের সড়কে শ্রমিকরা অবস্থানের চেষ্টা করেছিল বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন।

তবে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি এবং বাধার মুখে তারা প্রধান সড়কে উঠতে পারেনি।

ওসি জালাল বলেন, “শ্রমিকরা সড়কে অবস্থান নিতে চেষ্টা করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে, সরকার আপনাদের দাবি মেনে নিচ্ছে সড়ক বন্ধ করা যাবে না।”

পরে তারা সড়কের পাশেই নিজেদের দাবি-দাওয়ার বিষয়ে কথাবার্তা বলে ওই এলাকা থেকে চলে গেছে বলে জানান ওসি।

এর মধ্যেই মিরপুর ১ নম্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখানোর খবর আসে। শ্রমিকদের অনেকে দলে দলে মিছিল নিয়ে ১০ নম্বরের দিকে যেতে চাইলে ২ নম্বরে পুলিশি বাধার মুখে পড়ে।

এদিকে সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি অবস্থান রয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। রাজধানীর পরিস্থিতি শান্ত হলেও বাইরে প্রায় প্রতিদিনই আন্দোলন-বিক্ষোভের খবর আসছিল।

এর মধ্যে সোমবার পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত হয়। এর পরদিনই সড়কে নামলেন মিরপুরের শ্রমিকরা।