০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মিরপুরে সড়কে নামার আগেই শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

“তারা মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা গার্মেন্টসের ভেতরে চলে যান।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 11:29 AM

Updated : 02 Nov 2026, 11:29 AM

বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকার মিরপুর ১৪ নম্বর সড়কে নামার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

টানা তৃতীয় দিনের মতো সোমবার সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে এদিন পুলিশি বাধার মুখে পড়েন।

পুলিশ বলছে, মিরপুর ১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন।

একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে তারা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জরিনা খাতুন সকালে বলেন, “শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের জেরে আজ সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন।

“তারা মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা গার্মেন্টসের ভেতরে চলে যান। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

সোমবার সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে দেখা যায়, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আশপাশে কোনো শ্রমিকের অবস্থান দেখা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন উত্তর) মহিদুল ইসলাম বলেন, “মিরপুর ১০ নম্বরে পুলিশের শক্ত অবস্থান আছে। আজ এদিকে তেমন কেউ আসেনি।

“তবে সকালের দিকে মিরপুর ১৪ নম্বরের দিকে কিছু শ্রমিক রাস্তায় নামার চেষ্টা করছিল। তাদের পুলিশ সরিয়ে দিয়েছে।”

তিনি বলেন, “গতকাল প্রধানমন্ত্রীর বৈঠক ও ঘোষণার পরও যারা রাস্তায় নেমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে চায়, তারা দুষ্কৃতকারী।”

এদিকে বেলা ১১টার দিকে মিরপুর ২ নম্বরে পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়েছে। সোয়া ১১টার দিকেও সেখানে সংঘাত চলছিল।

গত শনিবার মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শুরুতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ হলেও পরে তা সড়কে ছড়িয়ে পড়ে।

রোববার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

পরপর দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর সোমবার অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর ১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।