মজুরি বৃদ্ধির আন্দোলন: ফতুল্লায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ন্যূনতম মজুরি বৃদ্ধির ধারাবাহিক আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল পৌনে ৩টা থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের নারায়ণগঞ্জের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে না পারেন। শ্রমিকদের সড়কে টায়ার জ্বালাতে দেখা গেছে।
এর আগে, জেলা ও দায়রা জজ আদালতের পাশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
দুপুরের দিকে শ্রমিকদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করছেন- এমন অভিযোগ তুলে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছিলেন, সেই সড়কেই মিছিল করে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।
সোমবার দুপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তারা অবরোধ তুলে নেন।
মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বিকালে অস্থিরতা তৈরি হয়।
