১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ছবি-ভিডিও ব্যাকআপে স্যামসাংয়ে গুগল অ্যাকাউন্ট সিংক সুবিধা

স্যামসাং ফোনে ছবি ও ভিডিও গুগল স্টোরেজে ব্যাকআপ করতে চাইলে আগে ডিভাইসের নিজস্ব গ্যালারি অ্যাপের পরিবর্তে আলাদাভাবে গুগল ফটোস ব্যবহার করতে হত।

ছবি-ভিডিও ব্যাকআপে স্যামসাংয়ে গুগল অ্যাকাউন্ট সিংক সুবিধা

এ নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা চাইলে এখন স্যামসাংয়ের নিজস্ব গ্যালারি অ্যাপেই এ সুবিধা উপভোগ করতে পারবেন। ছবি: স্যামসাং

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 07:36 PM

Updated : 12 Nov 2026, 07:36 PM

স্যামসাং বলেছে, তাদের গ্যালারি অ্যাপ এখন থেকে সরাসরি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিংক করা যাবে।

স্যামসাং ব্যবহারকারীদের অনেকেই অতীতে ডিভাইসের মিডিয়া ফাইল মাইক্রোসফট ওয়ানড্রাইভে ব্যাকআপ করার প্রম্পট দেখেছেন। তবে সেপ্টেম্বরে স্যামসাং তাদের গ্যালারি অ্যাপে মাইক্রোসফট ওয়ানড্রাইভের সঙ্গে সিংক করার সুবিধাটি সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, পর্দার আড়ালে নতুন কোনো পার্টনারশিপ নিয়ে কাজ করছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি।

এর আগে, স্যামসাং ফোনে ছবি ও ভিডিও গুগল স্টোরেজে ব্যাকআপ করতে চাইলে ডিভাইসের নিজস্ব গ্যালারি অ্যাপের পরিবর্তে বা পাশাপাশি আলাদাভাবে গুগল ফটোস ব্যবহার করতে হত।

তবে এ নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা চাইলে এখন স্যামসাংয়ের নিজস্ব গ্যালারি অ্যাপেই এ সুবিধা উপভোগ করতে পারবেন।

বর্তমানে ফিচারটি স্যামসাংয়ের সর্বশেষ কাস্টম অ্যান্ড্রয়েড ইন্টারফেইস ‘ওয়ান ইউআই ৯’-এ চলা নির্দিষ্ট কিছু গ্যালাক্সি ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে।

স্যামসাং বলেছে, ধাপে ধাপে এটা আরও বেশি ডিভাইসে উন্মুক্ত করা হবে। ফিচারটি চালু করতে গ্যালারির ক্লাউড আইকনে ট্যাপ বা গ্যালারি সেটিংস থেকে ‘সিংক ফটোজ অ্যান্ড ভিডিওজ’ অপশনটি অন করে দিতে হবে।

এ ফিচারের মাধ্যমে মিডিয়া ফাইলগুলো সরাসরি ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টে সিংক হয় বলে অন্য কোনো স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের গ্যালারি অ্যাপ থেকেও সেগুলো সহজে অ্যাক্সেস করা সম্ভব হবে।

এর জন্য অন্য ডিভাইসেও একই অ্যাকাউন্টে লগইন করে সিংক অপশনটি চালু করতে হবে। এতে ওই ডিভাইসে সিংক করা ছবি ও ভিডিওগুলোর প্রিভিউ দেখা যাবে।

মূল বা অরিজিনাল ফাইলগুলো পেতে চাইলে কেবল সেগুলো সিলেক্ট করে ডাউনলোড করলেই চলবে।

এ ছাড়া, গুগল স্টোরেজে ফাইল ব্যাকআপ হওয়ার পর ফোন বা ট্যাবলেট থেকে তা মুছে ফেলতে চাইলে স্যামসাংয়ের নতুন আরেকটি ফিচার ব্যবহার করা যাবে।

‘সিংক ফটোজ অ্যান্ড ভিডিওস’ সেটিংসে থাকা ‘ফ্রি আপ স্পেস’ অপশনের মাধ্যমে ডিভাইসের মূল ফাইলগুলো মুছে ফেলা যাবে। তবে গ্যালারি অ্যাপে সেগুলোর থাম্বনেইল দেখা যাবে।

এনগ্যাজেট লিখেছে, ‘খেয়াল রাখা জরুরি, গ্যালারি সিংক ফিচারটি গুগল অ্যাকাউন্টের স্টোরেজ ব্যবহার করবে।’ প্রতিটি গুগল অ্যাকাউন্টে ডিফল্টভাবে ৫ জিবি ফ্রি স্টোরেজ পাওয়া যায়, যা একটি বৈধ ফোন নম্বর যাচাইয়ের মাধ্যমে ১৫ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়।

এর চেয়ে বেশি স্টোরেজের প্রয়োজন হলে গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ফটোজের মতো সেবাগুলোর সঙ্গে শেয়ার করা এই স্টোরেজ বাড়ানোর জন্য গুগল ওয়ান সাবস্ক্রিপশন কিনতে হবে। এর জন্য ১০০ জিবি স্টোরেজের প্রতি মাসে ২ ডলার ও ২০০ জিবির জন্য ৩ ডলার খরচ করতে হবে।