প্রথম হিউম্যানয়েড রোবট আনছে স্যামসাং, উন্মোচন প্রস্তুতি তুঙ্গে
হিউম্যানয়েড রোবট উন্মোচনের মাধ্যমে ইউনিট্রি, টেসলা ও বস্টন ডায়নামিকসের মতো কোম্পানির প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রবেশ করতে যাচ্ছে স্যামসাং।
মেমোরি চিপ ও স্মার্টফোন ব্যবসার বাইরে নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র খুঁজতে এবার হিউম্যানয়েড রোবট বাজারে আনছে স্যামসাং ইলেকট্রনিক্স।
গেল সপ্তাহে পরিচালনা পর্ষদের সামনে রোবটটির প্রোটোটাইপ উপস্থাপনের পর আগামী জানুয়ারিতে এটা আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পরিকল্পনা করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি।
রয়টার্স লিখেছে, মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি ব্যবসার নতুন প্রবৃদ্ধির খাত খোঁজার অংশ হিসেবেই এমন উদ্যোগ নিয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন।
সূত্র বলেছেন, জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ বা সিইএস’তে রোবটটি দেখানোর পরিকল্পনা করছে স্যামসাং।
এর মাধ্যমে চীনের ইউনিট্রি, টেসলা ও হুন্দাই মোটরের বস্টন ডায়নামিকসের মতো কোম্পানির প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রবেশ করতে যাচ্ছে স্যামসাং।
জুলাইয়ে ‘রোবটিক্স এক্সপেরিয়েন্স’ বা আরএক্স নামের একটি ইউনিট গঠনের পর রোবটটি উন্মোচনের এই পরিকল্পনা সামনে এল।
ইউনিটটি সরাসরি সহ-সিইও টিএম রোহ-এর অধীনে কাজ করে। এর আওতায় রোবটিক্স গবেষণা ও উন্নয়ন, দীর্ঘমেয়াদি কৌশল ও বাণিজ্যিকীকরণের বিষয়গুলো রয়েছে।
বৃহস্পতিবার সিউলে স্যামসাংয়ের রোবটিক্স গবেষণা কেন্দ্রে রোহ-এর উপস্থিতিতে রোবটটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে রোবটটির পুরো দেহের নিয়ন্ত্রণ এবং হাত ও বাহু ব্যবহার করে কোনো বস্তু তুলে নেওয়া ও নাড়াচাড়া করার সক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে প্রোটোটাইপটি উন্মোচন না করায় সূত্র নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্যামসাং।
হাতের সূক্ষ্ম নড়াচড়া বা বস্তু সামলানোর সক্ষমতার ওপর জোর দিচ্ছে স্যামসাং, যা কারখানার কাজ করার জন্য হিউম্যানয়েড রোবটের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। কারণ এ ধরনের রোবটকে নির্ভরযোগ্যভাবে কোনো বস্তু ধরতে, ঘোরাতে ও জায়গামতো বসাতে হয়।
সেপ্টেম্বরে স্যামসাংয়ের আরএক্স ইউনিটের রোবটিক্স ল্যাবের প্রধান ক্রিস হাউজার বলেছিলেন, “আপনি যদি কোনো কারখানার মালিকের কাছে গিয়ে বলেন যে আপনার রোবট ৯৯ শতাংশ সফলতার সঙ্গে কাজ করে তবুও তারা হাসবে।
“কারণ কারখানার উৎপাদন লাইনে রোবটটি বসাতে হলে এর সফলতার হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ হতে হবে।
“এটা কঠিন ও নির্মম এক প্রতিযোগিতা।”
সেপ্টেম্বরে হাউজার বলেছিলেন, স্যামসাংয়ের দীর্ঘমেয়াদি উচ্চাকাঙ্ক্ষার মধ্যে রয়েছে গৃহস্থালির কাজ ও বয়স্ক ব্যক্তিদের সহায়তা করতে সক্ষম এমন ভোক্তা পর্যায়ের রোবট তৈরি করা।
গেল মার্চে চিপ, ডিসপ্লে, ফোন, টিভি ও গৃহস্থালি যন্ত্রপাতি নির্মাতা কোম্পানিটি বলেছিল, ২০৩০ সালের মধ্যে তারা নিজেদের কারখানাগুলোকে এআই-চালিত কারখানায় রূপান্তর ও উৎপাদন প্রক্রিয়ায় হিউম্যানয়েড রোবট যুক্ত করতে চায়।
স্যামসাং বলেছে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমিতে হিউম্যানয়েড রোবট উৎপাদন লাইন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। শহরটিতে কোম্পানিটির স্মার্টফোন কারখানাও রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন ও জাপানেও স্যামসাংয়ের রোবটিক্স গবেষণা কার্যক্রম রয়েছে।
এ বছরের শুরুতে কোম্পানিটি বলেছিল, রোবটিক্স খাতের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত করতে প্রয়োজনে বিনিয়োগ ও অধিগ্রহণের বিষয়টিও বিবেচনা করবে তারা।
২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার রোবটিক্স কোম্পানি ‘রেইনবো রোবটিক্স’-এর বড় শেয়ারহোল্ডার হয় স্যামসাং।
