২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার নির্দেশ আইজিপির

“কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 07:04 PM

Updated : 29 Nov 2026, 07:04 PM

কয়েকদিন ধরে চলে আসা হাতবোমা বিস্ফোরণ, গাড়িতে আগুন, বিভিন্ন স্থাপনায় হামলা ও সংঘর্ষের ঘটনার মধ্যে পুলিশের মহাপরিদর্শক-আইজিপি মো. আলী হোসেন ফকির আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যে কোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

রোববার সকালে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি বলেন, “পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।”

দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তুলে ধরেন আইজিপি।

তিনি বলেন, “কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

সভায় চলতি বছরের অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. আহসান হাবীব পলাশের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হন পুলিশ অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি, স্পেশাল রেসপন্স ইউনিট-এসআরইউ, বিশেষ শাখা-এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন, ট্যুরিস্ট পুলিশের প্রধান, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা।

পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।