চুয়েটে বকেয়া জ্বালানি বিল, যানবাহন চলাচল বন্ধের শঙ্কা
প্রশাসনিক অচলাবস্থায় তিন মাসের জ্বালানি বিল বকেয়া পড়েছে ৪০ লাখ ৭০ হাজার টাকার বেশি।
প্রশাসনিক অচলাবস্থার কারণে বকেয়া জ্বালানি বিল পরিশোধ করতে না পারায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের বাস, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বাবদ বকেয়া পড়েছে ৪০ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা।
গত ২১ সেপ্টেম্বর উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরুর পর চুয়েটে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। এ কারণে অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জ্বালানি বিল পরিশোধ করা সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে গত ২৩ নভেম্বর বকেয়া বিল পরিশোধে সাত কর্মদিবসের সময় বেঁধে দেয় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট অটোমোবাইলস। বিশ্ববিদ্যালয়ের বাস, কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে জ্বালানি সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করায় ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের বহনকারী বাসও চলছে না। বৃহস্পতিবার দু-একটি বাস চললেও রোববার শিক্ষার্থীদের বহনকারী কোনো বাস চলেনি।
চুয়েটের যানবাহন শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাসরুর আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান বকেয়া পরিশোধে আমাদের মৌখিকভাবে সাত দিনের সময় দিয়েছে। আমরা তাদের লিখিতভাবে জানাতে বলেছি। এখনও লিখিত কিছু দেয়নি।
“প্রায় ৪০ লাখ টাকার বেশি বিল বাকি পড়েছে। সঙ্গে নভেম্বর মাসে জ্বালানির দামও যোগ হবে।”
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে ক্লাস-পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের বহনকারী বাস চলাচল বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, “জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান বকেয়া পরিশোধ না করলে জ্বালানি সরবরাহে তাদের অপারগতার বিষয়টি বলেছে। বিল পরিশোধে জটিলতা নিরসনে চেষ্টা করছি।”
চুয়েটে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান বিল জমা দিলে তা যানবাহন শাখা থেকে কম্পট্রোলার কার্যালয়ে পাঠানো হয়। পরে উপাচার্যের অনুমোদন পেলে সেখান থেকে বিল পরিশোধ করা হয়।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরে শিক্ষকদেরও আন্দোলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতির অবনতি ঘটে। ৩৬ দিনের আন্দোলন শেষে অক্টোবরের শেষ সপ্তাহে ক্লাসে ফিরেছিলেন শিক্ষার্থীরা।
তবে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম একবার ক্যাম্পাসে গিয়ে অবরুদ্ধ হওয়ার পর আর সেখানে যাননি। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন উপাচার্যকে সর্বাত্মক অসহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়ায় প্রশাসনিক অচলাবস্থা এখনো কাটেনি।
এ কারণে জ্বালানি বিল অনুমোদনের জন্য উপাচার্যের কাছে পাঠানো সম্ভব হয়নি।
