০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ঘুরে বেড়ানো ও কাপড় ভাঁজ করার রোবট নিয়ে কাজ করছে অ্যাপল

রোবটটিতে ক্যামেরা ও সেন্সর ব্যবহৃত হয়েছে, যাতে এটা আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে ও স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে।

ঘুরে বেড়ানো ও কাপড় ভাঁজ করার রোবট নিয়ে কাজ করছে অ্যাপল

ঘরের ভেতরে ওড়ানোর উপযোগী এক ধরনের ফ্লাইং ডিভাইস নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে অ্যাপল। ছবি: অ্যাপল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 12:07 PM

Updated : 04 Nov 2026, 12:07 PM

ঘরে ব্যবহারের জন্য নতুন একগুচ্ছ রোবট তৈরির কাজ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, যার মধ্যে কাপড় ভাঁজ করতে পারে এমন উচ্চাভিলাষী যন্ত্রও রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, আইফোন নির্মাতা কোম্পানিটির উদ্ভাবন তালিকায় চাকাওয়ালা একটি রোবট রয়েছে, যা ব্যবহারকারীর পিছু পিছু ঘর থেকে ঘরে ঘুরে বেড়াবে।

ঘরের ভেতরে ওড়ানোর উপযোগী এক ধরনের ফ্লাইং ডিভাইস নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে অ্যাপল। তবে এসব পরীক্ষামূলক পণ্য আদৌ গ্রাহকদের জন্য বাজারে আসবে কি না সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত মেলেনি।

গুঞ্জনে থাকা এসব ডিভাইসের মধ্যে একটিকে অ্যাপলের সম্প্রতি উন্মোচিত ‘হোমভিউ’ হাবের পরবর্তী প্রজন্মের সংস্করণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

‘হোমভিউ আল্ট্রা’ বা ‘হোমভিউ ম্যাক্স’ নামের এই প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণে ৯-ইঞ্চির ডিসপ্লে ও ঘুরতে পারে এমন রোবোটিক আর্ম বা যান্ত্রিক হাত রয়েছে।

রোবটটির বর্তমান ডিজাইনে ক্যামেরা ও সেন্সর ব্যবহৃত হয়েছে, যাতে এটা আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে ও স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে। যেমন, ঘরে কেউ ঢুকলে এটা নিজে থেকেই আলো জ্বেলে দিতে ও টেবিল থেকে বিড়ালকে নেমে যেতে বলতে পারবে এই রোবট।

এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল। আর, অপ্রকাশিত বা প্রক্রিয়াধীন পণ্য নিয়ে মন্তব্য করার রীতিও নেই কোম্পানিটির।

গেল বছর অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুক বলেছিলেন, প্রযুক্তি বাজারের কয়েকটি নতুন খাতে পণ্য উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল।

কর্মীদের সঙ্গে এক অভ্যন্তরীণ সভায় তিনি বলেছিলেন, “আমাদের ভবিষ্যৎ পণ্যের যে সরবরাহ তৈরি আছে, যা নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না তা সত্যিই চমৎকার। অসাধারণ সব কাজ হচ্ছে।

“এর কিছু প্রযুক্তি খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন। আর কিছু আসবে আরও পরে। তবে দেখার মতো অনেক কিছুই অপেক্ষা করছে।”

তবে উচ্চাভিলাষী প্রজেক্ট মাঝপথে বন্ধ করে দেওয়ার ইতিহাসও রয়েছে অ্যাপলের। যার মধ্যে সবচেয়ে আলোচিত উদাহরণ তাদের ‘প্রজেক্ট টাইটান’-এর অধীনে অটোনামাস বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির প্রকল্প।

প্রায় এক দশক ধরে এই চালকবিহীন গাড়ি প্রজেক্টে কাজ করেছিল অ্যাপল। গবেষণা ও উন্নয়নে ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ ব্যয়ের পর অবশেষে ২০২৪ সালে এটা পুরোপুরি বাতিল ঘোষণা করেছে কোম্পানিটি।

অ্যাপল এরইমধ্যে বেশ কিছু কার্যকর রোবট ডিজাইন ও নির্মাণ করলেও সেগুলোর ব্যবহার কেবল কোম্পানির অভ্যন্তরীণ কাজের মধ্যেই সীমিত রয়েছে।

তাদের তৈরি প্রথম রোবটটির নাম ছিল ‘লিয়াম’। ২৯টি যান্ত্রিক হাতওয়ালা এ বিশেষ রোবট সিস্টেমটি পুরনো বা অকেজো আইফোন খুলে সেগুলোর মূল উপাদান ও মূল্যবান ধাতু আলাদা করার জন্য তৈরি হয়েছে, যা প্রচলিত প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিতে সম্ভব হত না।

পরবর্তীতে ২০১৬ সালে লিয়ামের আত্মপ্রকাশের দুই বছর পর ২০১৮ সালে এর পরবর্তী সংস্করণ ‘ডেইজি’ উন্মোচন করে অ্যাপল।, যা আইফোনের আরও বেশি মডেল ভাঙার সক্ষমতা রাখার পাশাপাশি ঘণ্টায় প্রায় ২০০টি ডিভাইস প্রক্রিয়াজাত করতে পারে।