১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আগামী বছর থেকে গুগল ও অ্যাপল দিয়ে নিনটেনডোতে লগ-ইন বন্ধ

গুগলের সঙ্গে নিনটেনডো অ্যাকাউন্ট যোগ করার বিনিময়ে যে ‘মাই নিনটেনডো প্লাটিনাম পয়েন্টস’ পাওয়া যেত সেই পুরস্কারের মিশনটিও বন্ধ করে দিচ্ছে কোম্পানিটি।

আগামী বছর থেকে গুগল ও অ্যাপল দিয়ে নিনটেনডোতে লগ-ইন বন্ধ

গুগল ও অ্যাপল সাইন-ইন সুবিধা ঠিক কোন সময়ে বন্ধ হবে তা নির্ভর করবে ‘সিস্টেম পরিবর্তনের কাজের অগ্রগতির ওপর’। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 08:37 PM

Updated : 14 Nov 2026, 08:37 PM

আগামী বছরের শুরুতেই গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করার সুবিধা বন্ধ করে দিচ্ছে জাপানি গেইমিং জায়ান্ট নিনটেনডো।

এ পদক্ষেপের ফলে ব্যবহারকারীদের দ্রুতই তাদের অ্যাকাউন্টে সাইন-ইন করার পদ্ধতি আপডেট করে নিতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

২০২৭ সালের ২৬ জানুয়ারি থেকে গুগল ও অ্যাপল আইডি ব্যবহার করে আর নিনটেনডো অ্যাকাউন্টে প্রবেশ করা বা নতুন কোনো অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে না।

পাশাপাশি, গুগলের সঙ্গে নিনটেনডো অ্যাকাউন্ট যোগ করার বিনিময়ে যে ‘মাই নিনটেনডো প্লাটিনাম পয়েন্টস’ পাওয়া যেত সেই পুরস্কারের মিশনটিও বন্ধ করে দিচ্ছে কোম্পানিটি।

নিজেদের সাপোর্ট পেইজে দেওয়া ঘোষণায় নিনটেনডো বলেছে, গুগল ও অ্যাপল সাইন-ইন সুবিধা ঠিক কোন সময়ে বন্ধ হবে তা নির্ভর করবে ‘সিস্টেম পরিবর্তনের কাজের অগ্রগতির ওপর’।

আগামী ২৬ জানুয়ারির আগেই ব্যবহারকারীদের একটি পাসওয়ার্ড বা পাসকি সেট আপ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে নিনটেনডো।

পাসকি সেট আপের জন্য ব্যবহারকারীকে প্রথমে অ্যাকাউন্টস পেইজে গিয়ে নিজের অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে।

এরপর ‘সাইন-ইন অ্যান্ড সিকিউরিটি সেটিংস’ থেকে ‘পাসকিস’ নির্বাচন করে ‘এডিট’ অপশনে যেতে হবে, সেখান থেকে ‘রেজিস্টার নিউ পাসকি’ বেছে নিলেই ব্যবহারকারীরা তাদের ডিভাইসের নিজস্ব যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিনটেনডো অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন।

গুগল ও অ্যাপল সাইন-ইন সুবিধা তুলে নেওয়ার সুনির্দিষ্ট কারণ বা এতে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না সে বিষয়ে কিছু বলেনি নিনটেনডো।

নিনটেনডোর উদ্দেশ্য যাই হোক না কেন গেইম ও ই-শপে নির্বিঘ্ন প্রবেশাধিকার ধরে রাখতে ব্যবহারকারীদের দ্রুত নিজেদের লগ-ইন পদ্ধতি গুছিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।