২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাইলেই বন্ধ রাখা যাবে ক্যানভা’র এআই ফিচার

ক্যানভা দুটি নতুন সেটিং চালু করছে; যার একটি দিয়ে সব জেনারেটিভ এআই সুবিধা চালু বা বন্ধ করা যাবে।

চাইলেই বন্ধ রাখা যাবে ক্যানভা’র এআই ফিচার

ফ্রি ও প্রো উভয় ধরনের ব্যবহারকারীই নতুন এই নিয়ন্ত্রণ সুবিধা পাবেন। ছবি: ক্যানভা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 06:36 PM

Updated : 20 Nov 2026, 06:36 PM

নানা কাজ ও সেবায় যোগ হচ্ছে এআই টুল। ব্যতিক্রম নয় ইমেজ টুল ক্যানভাও।গত এক বছরে তাদের প্ল্যাটফর্মে বেশ কিছু এআই টুল ও ইন্টিগ্রেশন যোগ করেছে।

কিন্তু কেউ যদি এই টুলগুলো বন্ধ রাখতে চায়, তবে? তারই উত্তর ক্যানভা দিল এবার। ব্যবহারকারীদের নিজেদের অভিজ্ঞতা থেকে জেনারেটিভ এআই বাদ দেওয়ার সুযোগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন গ্রাফিক ডিজাইন ও ভিজ্যুয়াল স্যুট প্ল্যাটফর্মটি।

ক্যানভা দুটি নতুন সেটিং চালু করছে; যার একটি দিয়ে সব জেনারেটিভ এআই সুবিধা চালু বা বন্ধ করা যাবে ও দ্বিতীয়টি ব্যবহারকারীর লাইব্রেরিতে জেনারেটিভ এআইয়ের তৈরি কনটেন্টের উপস্থিতি কমাবে।

ফ্রি ও প্রো উভয় ধরনের ব্যবহারকারীই নতুন এই নিয়ন্ত্রণ সুবিধা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

তবে এসব এআই সেটিংয়ের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এআই টুলগুলো বন্ধ করে দিলেও ‘ব্যাকগ্রাউন্ড রিমুভার’ ও ‘ম্যাজিক গ্র্যাব’-এর মতো এআইচালিত কিছু এডিট টুল সচল থাকবে। এর কারণ, এসব সুবিধা জেনারেটিভ এআই ব্যবহার করে না, বরং ছবির কনটেন্টের ওপর ভিত্তি করে কাজ করে এবং এসব ফিচার ব্যবহার করলে তৈরি হওয়া ছবির মেটাডেটায় এআই ট্যাগ যোগ হয় না।

এ ছাড়া, লাইব্রেরির সেটিংটি ক্যানভার অনুসন্ধানে এআই দিয়ে তৈরি ছবির আসার সম্ভাবনা ‘কমিয়ে’ আনবে। তবে, ফলাফল থেকে এগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এমন দাবি করেনি ক্যানভা।

নতুন দুটি সেটিংই ‘প্রোফাইল’ ট্যাবের অধীনে পরিবর্তন করা যাবে।

পুরো প্ল্যাটফর্মজুড়ে এআই টুলগুলো নিয়ন্ত্রণের জন্য সেটিংস মেনুর ‘পারমিশনস’ সেকশনে যেতে হবে, যেখানে ‘এনাবল জেনারেটিভ এআই ফিচার্স’ লেখাটি মিলবে।

অন্যদিকে, লাইব্রেরির সেটিংয়ে পৌঁছাতে হলে ‘ইয়োর অ্যাকাউন্ট’-এ গিয়ে সেখান থেকে এআই পারসোনালাইজেশন সেকশনে যেতে হবে।