চুপচাপ সব অ্যাকাউন্টে ফোন নম্বর জুড়ছে গুগল, বন্ধের উপায় কী?
২০২৫ সালের অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে নীতিমালায় পরিবর্তন এনেছে গুগল। ফলে এক বছরেরও বেশি সময় ধরে এই প্রক্রিয়া চালু রয়েছে।
অ্যান্ড্রয়েড ডিভাইসে সাইন-ইন করা প্রতিটি গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ওই ফোনের সিম নম্বর যোগ করে দিচ্ছে গুগল।
সম্প্রতি প্রকাশ পাওয়া এক তথ্যে দেখা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে এই প্রক্রিয়া চালু রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
গুগল সাপোর্ট ডকুমেন্টের তথ্য অনুসারে, ফোন সেটআপের সময়ই স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নম্বরটি যাচাই করে ডিভাইসে থাকা সব অ্যাকাউন্টে, বিশেষ করে সেকেন্ডারি ও ওয়ার্ক অ্যাকাউন্টেও তা যোগ করে দেয় গুগল।
মার্কিন সার্চ জায়ান্টটির দাবি, অ্যাকাউন্ট রিকভারি ও আরসিএস মেসেজিংয়ের মতো বিভিন্ন ফিচার সচল রাখতেই এই নম্বর যাচাইকরণ করা হয়।
প্রতিটি অ্যাকাউন্টে কেন একই নম্বর যোগ করতে হবে সে বিষয়ে কিছু বলেনি গুগল।
প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটি লিখেছে, ২০২৫ সালের অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে গুগল তাদের নীতিমালায় পরিবর্তন এনে বলেছিল, এ ভেরিফিকেশনটি ‘বাই ডিফল্ট’ বা স্বয়ংক্রিয়ভাবেই সচল থাকে।
এ ছাড়া, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের ‘গুগল প্লে সার্ভিসেস’ চালানের নথিতেও সেটআপের সময় নম্বর ভেরিফিকেশনের বিষয়টি উল্লেখ ছিল।
তবে সম্প্রতি noreply-phone-verification@google.com থেকে ব্যবহারকারীদের ইমেইলে নোটিফিকেশন আসা শুরু করার পরই বিষয়টি সবার নজরে এসেছে।
সংযুক্ত নম্বর দিয়ে কী করছে গুগল?
গুগলের সাপোর্ট পেইজের তথ্য অনুসারে, এই প্রক্রিয়ার অধীনে ভবিষ্যতে যোগ হওয়া সব অ্যাকাউন্ট ও নম্বর অন্তর্ভুক্ত থাকবে।
পরবর্তীতে ডিভাইসে নতুন কোনো গুগল অ্যাকাউন্ট যোগ করা হলে বা ফোনে নতুন কোনো সিম ঢোকানো হলেও সব অ্যাকাউন্টে নিজে থেকেই নম্বর আপডেটেড হয়ে যাবে।
গুগল ও মোবাইল নেটওয়ার্ক অপারেটররা নির্দিষ্ট সময় পরপর এসব নম্বর পুনরায় ভেরিফাই বা যাচাই করে, যার জন্য অপারেটরভেদে চার্জও প্রযোজ্য হতে পারে। এ সেটিংয়ের নিয়ন্ত্রণ কেবল সংশ্লিষ্ট মোবাইল ফোনটি থেকেই পরিবর্তন করা সম্ভব।
নম্বর ভেরিফিকেশন অন রাখলে ডিভাইসের সাইন-ইন করা যে কোনো একটি প্রধান অ্যাকাউন্টে ‘বেটার শেয়ারিং অন গুগল’ ফিচার চালু হয়ে যায়।
গুগল বলেছে, এ ফিচারের মাধ্যমে ফটো বা কনটেন্ট পাঠানো, ভিডিও কলিং ও নোটিফিকেশন সুবিধা পাওয়া যায়।
ফোন নম্বর দিয়ে সাইন-ইন, হারিয়ে যাওয়া ফোন খোঁজা, জরুরি লোকেশন সার্ভিস ও কুইক শেয়ারের মতো জরুরি সেবাগুলোও এই ভেরিফাইড নম্বরের ওপর নির্ভর করে পরিচালিত হয়।
গুগল প্লে সার্ভিসে স্বয়ংক্রিয় নম্বর ভেরিফিকেশন যোগের পর ২০২৫ সালের অক্টোবরে অ্যান্ড্রয়েডের জন্য ‘সাইন ইন উইথ মোবাইল নম্বর’ নামে এক অ্যাকাউন্ট রিকভারি টুল চালু করে কোম্পানিটি।
এ প্রক্রিয়ায় মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত সব গুগল অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়ে যায় ও ব্যবহারকারী নিজের আগের ডিভাইসের লক স্ক্রিন পাসকোড ব্যবহার করেই অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে পারবেন।
গুগলের অ্যাকাউন্ট সহায়তা পেইজের তথ্য বলছে, তাদের ‘বেটার অ্যাডস অ্যান্ড গুগল সার্ভিসেস’ ফিচারের আওতায় গুগল পরিষেবা জুড়ে বিজ্ঞাপন আরও প্রাসঙ্গিক করে তুলতে মোবাইল নম্বর ব্যবহৃত হয়।
তবে স্বয়ংক্রিয়ভাবে যোগ হওয়া নম্বরগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন বিজ্ঞাপন নীতি প্রযোজ্য হবে সে বিষয়ে কিছু বলেনি গুগল।
অটোমেটিক ভেরিফিকেশন বন্ধ করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে নম্বর যুক্ত হওয়ার সুবিধাটি বন্ধ করতে চাইলে প্রথমে ফোনের ‘সেটিংস’ থেকে ‘গুগল’ বা কিছু ফোনে ‘গুগল সার্ভিসেস অ্যান্ড প্রেফরেনসেস’ অপশনে যান।
এরপর ‘অল সার্ভিসেস’ নির্বাচন করে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অংশের অধীনে থাকা ‘ফোন নাম্বার ভেরিফিকেশন’-এ ক্লিক করুন। সেখান থেকে ‘ভেরিফাই ফোন নাম্বার্স অটোমেটিমেলি’ অপশনটি বন্ধ করে দিন।
এই ফিচার বন্ধ করলেই আগে যোগ হওয়া বিভিন্ন নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। আগের নম্বরগুলো সরাতে হলে প্রতিটি অ্যাকাউন্টের গুগল সেটিংস থেকে ‘পারসোনাল ইনফো’ থেকে ‘ফোন’ অপশনে গিয়ে ম্যানুয়ালি নম্বরটি মুছতে হবে।
ফিচারটি বন্ধ করার অসুবিধা
সাইবার নিরাপত্তা কোম্পানি ক্যাস্পারস্কি বলেছে, এ ভেরিফিকেশন বন্ধ করে দিলে গুগল মেসেজেসে ‘আরসিএস চ্যাট’ ফিচারটি কাজ করা বন্ধ করে দেবে ও মেসেজগুলো এসএমএস হিসেবে আদান-প্রদান হবে।
গুগলের নিজস্ব বার্তাসংক্রান্ত তথ্যেও বলা আছে, আরসিএস সংযোগের জন্য মোবাইল নম্বর ভেরিফিকেশন আবশ্যক।
২০২৫ সালের মে মাস থেকে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড আরসিএস বার্তা আদান-প্রদান চালু হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি ব্যবহারকারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
এ ছাড়া, নম্বর ভেরিফিকেশন বন্ধ থাকলে দ্রুত অ্যাকাউন্ট রিকভারি সুবিধাও মিলবে না।
গুগল বলেছে, তারা ফোন নম্বরসহ ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্য কারও কাছে বিক্রি করে না।
গেল বছরের মে মাসে গুগল বলেছে, তারা নির্দিষ্ট কিছু অঞ্চলে নতুন নীতি পরীক্ষা করছে, যেখানে গুগল অ্যাকাউন্টে মোবাইল নম্বর যোগ না করলে বিনামূল্যে মিলবে কেবল ৫ জিবি স্টোরেজ, যা সাধারণত পাওয়া যায় ১৫ জিবি পর্যন্ত।
