‘নো’ বলে হাতছাড়া বড় অর্জন, তবে ‘আক্ষেপ নেই’ হাসানের
বিশ্বের প্রথম বোলার হিসেবে প্রথম ছয়টি পাঁচ উইকেট ভিন্ন ছয় দেশে নেওয়ার খুব কাছে ছিলেন হাসান মাহমুদ।
ফুল লেংথ ডেলিভারিতে বড় শটের চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না ডেন প্যাটারসন, স্টাম্প হয়ে গেল এলোমেলো, যা দেখে উল্লসিত হলেন হাসান মাহমুদ। যদিও পরক্ষণেই তার উচ্ছ্বাস হতাশায় রূপ নিল; ডান হাত প্রসারিত করে আম্পায়ার দিলেন 'নো' বলের সংকেত। হলো না হাসানের পাঁচ উইকেট পাওয়া। তবে দিনশেষে আক্ষেপ নেই ছন্দে থাকা এই পেসারের।
জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার বাকি তিন উইকেটের একটিও নিতে পারলে পাঁচ উইকেট হয়ে যেত হাসানের। প্রথম দুটি নিয়ে নেন মেহেদী হাসান মিরাজ। শেষের ব্যাটসম্যান হিসেবে নামা প্যাটারসনকে বোল্ড করে কাঙ্ক্ষিত মাইলফলক প্রায় ছুঁয়েই ফেলেছিলেন হাসান। কিন্তু বলটি যে ছিল 'নো'।
পরে হাসানের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন প্যাটারসন, ইবাদত হোসেন চৌধুরির বলে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান অবশ্য বললেন, উইকেটটি না পাওয়ায় কোনোরকম খারাপ লাগা নেই তার।
“নো বলটা যে হবে, তা আমি সত্যিই বুঝতে পারিনি। তবে আমার মনে হয় যা হয়, ভালোর জন্যই হয়। যেভাবে এগোচ্ছি, সেভাবেই চালিয়ে যাওয়া উচিত বলে মনে করি। চার উইকেট পেয়ে আমি খুব খুশি।”
পঞ্চম উইকেটটি নিতে পারলে অনন্য এক অর্জন ধরা দিত ২৭ বছর বয়সী পেসারের ঝুলিতে। এর আগে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে পাঁচ উইকেট পেয়েছেন তিনি। প্রথম পাঁচটি পাঁচ উইকেট ভিন্ন পাঁচ দেশে নেওয়ার কীর্তিতে তার সঙ্গী অস্ট্রেলিয়ার নাথান লায়ন।
দক্ষিণ আফ্রিকাতেও একই সাফল্য পেলে, বিশ্বের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম ছয়টি পাঁচ উইকেট ভিন্ন ছয় দেশে নেওয়ার কীর্তি গড়তেন হাসান। তাতে কোনো আক্ষেপ না থাকলেও, বোলিংয়ে আরও উন্নতির সুযোগ দেখছেন তিনি।
“নিজের পারফরম্যান্সের কথা বললে, আরও ভালো হতে পারত। তবে আমার মনে হয়, বোলিং ইউনিট হিসেবে আমাদের আরও অনেক কাজ করার কথা ভাবতে হবে।”
জাতীয় দল ও কাউন্টি মিলিয়ে গত চার মাসে ভীষণ ব্যস্ত সময় পার করছেন হাসান। গত অগাস্ট থেকে এখন পর্যন্ত ছয়টি টেস্ট ও দুইটি চার দিনের ম্যাচ খেলেছেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে তার ওপরেই থাকছে বাংলাদেশের বড় দায়িত্ব।
তবে ব্যস্ত সূচিতে টানা খেলার ধকল সামলাতে কষ্ট হচ্ছে না, জানালেন তিনি।
“আমার মনে হয় না, আমি হতাশ বা আমার কষ্ট হচ্ছে। আমি নিজেকে যতটুক সম্ভব মেইনটেইন করে খেলার চেষ্টা করি। বাকিটা আসলে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।”
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চার পেসারের মধ্যে তিন জন মিলে নেন সবকটি উইকেট। বিপরীতে বাংলাদেশের তিন পেসার মিলে পান সাত উইকেট। সার্বিক বোলিংয়ের ক্ষেত্রেও অনেক এগিয়ে স্বাগতিকরা।
প্রোটিয়াদের চার পেসারের মধ্যে সবচেয়ে বাজে ইকোনমিও বাংলাদেশের তিন পেসারের চেয়ে ভালো। ইনিংসজুড়ে ওভারপ্রতি অনেক বেশি রান খরচ করেছেন বাংলাদেশের বোলাররা। যে কারণে বাড়তি চাপ অনুভব করেননি স্বাগতিক ব্যাটসম্যানরা।
তাই প্রশ্ন উঠল, ওয়ান্ডারার্স স্টেডিয়ামের আদর্শ লেংথ বুঝতে কি ভুল হয়ে গেল বাংলাদেশের? উত্তরে হাসান বললেন, আরও কাজ করা প্রয়োজন তাদের।
“আসলে প্রত্যেকটা উইকেটে ও প্রত্যেকটা কন্ডিশনে আমার মনে হয় লেন্থটা একই রকম থাকে, পাঁচ থেকে ছয় মিটার। এখানেও চিন্তা করেছি যে, টপ অব অফ স্টাম্পে যখন বল করব, সিম মুভমেন্ট থাকবে। এখানে আসার পর এই কাজটা করার জন্য অনুশীলন করেছি। বোলারদের চেষ্টার কোনো কমতি ছিল না। তবে আমার মনে হয়, আমাদের আরও কাজ করা দরকার।”
