১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাবঞ্চিতদের চিকিৎসায় বিএসআরএমের ডায়াগনস্টিক সেন্টার

বাকলিয়ায় অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় সেন্টারটি চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 12:15 AM

Updated : 19 Nov 2026, 12:15 AM

সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার জন্য ডায়াগনস্টিক সেন্টার খুলেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)।

বুধবার চট্টগ্রামের বাকলিয়ায় অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় এ সেন্টারটি চালু করা হয়েছে। বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) আওতায় এটি পরিচালিত হবে।

বিএসআরএম কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “স্বাস্থ্যসেবা অন্যতম মৌলিক চাহিদা, অথচ অনেক সুবিধাবঞ্চিত মানুষের কাছে তা সবসময় সহজলভ্য নয়। তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ, কখনো কখনো তা কেবল স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে একটি দাতব্য সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়েছে, যেটি বিএইচএইচ এর আওতায়।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেন্টারটিতে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে। রোগীরা বিএইচএইচ-এর মেডিকেল অফিসারদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও পাবেন।”

এছাড়া পুনর্বাসনমূলক চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের জন্য ফিজিওথেরাপি সেবাও থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহের আলী, পরিচালক আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেন গুপ্ত উপস্থিত ছিলেন।