০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

“শ্রমিক ভাই-বোনদের এই যে দাবি, এই দাবির অন্তরালে কিছু সংখ্যক লোক, একটি মহল দেশের ওপার থেকে, সীমান্তের ওপার থেকে তারা বিশৃঙ্খলা তৈরি করছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 03:14 PM

Updated : 05 Nov 2026, 03:14 PM

পোশাক শিল্পের জন্য গঠিত মজুরি বোর্ড দু-এক মাসের মধ্যে শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ঠিক করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, “গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ। আমরা জানি শ্রমিক ভাই-বোনেরা, তাদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া আছে।

“আপনারা দেখেছেন, এরই মধ্যে আমরা সেই দাবি-দাওয়াগুলো বিবেচনা করার জন্য, পর্যালোচনা করার জন্য মজুরি বোর্ড গঠন করেছি। মজুরি বোর্ড এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে।

“ইনশাল্লাহ, আগামী দুই-এক মাসের মধ্যে মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে, যাতে করে আমাদের প্রিয় শ্রমিক ভাই-বোনেরা একটু হলেও ভালো থাকতে পারে।”

বৃহস্পতিবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালি মোড়ে এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান।

দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “যেখানে আমরা মানুষের কর্মসংস্থানসহ শিল্পের প্রসার ঘটাতে চাচ্ছি, দেখেছেন শ্রমিক ভাই-বোনদের এই যে দাবি, এই দাবির অন্তরালে কিছু সংখ্যক লোক, একটি মহল দেশের ওপার থেকে, সীমান্তের ওপার থেকে তারা বিশৃঙ্খলা তৈরি করছে।

“আমি বিশ্বাস করি, কোনো শ্রমজীবী ভাই-বোন, কোনো শ্রমিক ভাই-বোন শিল্পের কখনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা পত্র-পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে, এই উশৃঙ্খল তৈরিকারী, উশৃঙ্খলকারী সৃষ্টিকারী লোকগুলো—আমরা দেখেছি বিভিন্ন কলকারখানায় যাচ্ছে এবং এই কলকারখানাগুলো তারা ধ্বংস করছে, ভাঙচুর করছে, গাড়ি ভাঙচুর করছে, যন্ত্রপাতি ভাঙচুর করছে, কারখানাগুলো ভাঙচুর করছে।”