১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা

টায়ার আগুন দিয়ে বাসের দিকে নিক্ষেপ করা হয়, বলেন চালক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা

এ বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 12:27 AM

Updated : 19 Nov 2026, 12:27 AM

কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাসটি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে ফিরছিল। কোটবাড়ির দিকে যাওয়ার সময় দুই ব্যক্তি টায়ারে আগুন ধরিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করেন। তবে আগুন বাসে লাগেনি।

বাসচালক মো. শফিক বলেন, “আমি বাস নিয়ে যাওয়ার সময় দেখি, তারা (দুই ব্যক্তি) রাস্তায় টায়ার ফেলে দাঁড়িয়ে আছে। আমাদের বাস যখন তাদের মুখোমুখি হয়, তখনই তারা টায়ারে আগুন ধরিয়ে বাসের দিকে নিক্ষেপ করে।

Image

বাসের দিকে নিক্ষেপ করা জলন্ত টায়ার।

“আমি পরিস্থিতি বুঝতে পেরে আগেই বাসটি নিরাপদ দিকে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের রক্ষা করি।”

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান।

তিনি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে আগুন বাসে লাগেনি। বাস অক্ষত আছে।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে আছি এবং এ বিষয়ে তদন্ত করছি।”