বরিশালে মসজিদের পাশে মিলল লাল টেপে মোড়ানো দুটি বস্তু
এলাকায় আতঙ্ক ছড়ানো বা নাশকতার উদ্দেশ্যে বস্তু দুটি রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মসজিদের পাশে লাল টেপে মোড়ানো দুটি বস্তু পাওয়া গেছে।
শনিবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানান আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।
তিনি বলেন, দুপুর একটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মসজিদের পাশে দুটি বস্তু পড়ে থাকার খবর পান। পরে পুলিশ গিয়ে সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার করে।
ওসি বলেন, বস্তু দুটি ককটেলের মতো দেখতে। তবে এগুলোতে বিস্ফোরক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর বিষয়টি জানা যাবে। এ বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বস্তু দুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তাই এ ঘটনায় কোনো মামলা হবে না। তবে কে বা কারা এগুলো সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকায় আতঙ্ক ছড়ানো বা নাশকতার উদ্দেশ্যে বস্তু দুটি রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
