২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি হামলায় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: বাহরাইন

আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানি হামলায় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: বাহরাইন

ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 12:25 PM

Updated : 22 Nov 2026, 12:25 PM

ইরানি হামলায় একটি বেসরকারি শিল্প স্থাপনায় আগুন ধরে ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানিয়েছে বাহরাইন।

অপরদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর বাহরাইনে অবস্থিত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক শত্রুতা বৃদ্ধির এটিই সর্বশেষ ঘটনা। উপসাগরীয় আরব দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে জড়িয়ে পড়েছে আর ইরান পুরো অঞ্চলজুড়ে দফায় দফায় হামলা চালিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে সতর্কতা জারি করে বাসিন্দাদের একটি সম্ভাব্য হুমকির কারণে নিকটবর্তী নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানায়। এ সময় বিস্তারিত কিছু জানায়নি তারা। পরে তারা বিপদ কেটে যাওয়া বার্তা দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার দ্বিতীয় আরেক সতর্কতা জারি করে।

পরে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, তাদের এয়ার ডিফেন্স ইরানের বেশ কয়েকটি আকাশ হামলা প্রতিহত করেছে। প্রতিহত করার প্রক্রিয়ায় ছিটকে আসা টু্করোগুলোর কারণে বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্ত্রণালয়টি বলেছে, তেহরান বাহরাইনের প্রতি ‘সুপরিকল্পিত বৈরি দৃষ্টিভঙ্গী’ অব্যাহত রেখেছে।

তারা জানায়, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী শিল্প স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে শিল্প স্থাপনাটি কোথায় অবস্থিত বা সেটি কী ধরনের শিল্প, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ইরানি বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনের আল রিফ্ফা ও আওয়ালি ঘাঁটিগুলোতে মার্কিন অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে।

আইআরজিসি বলেছে, “চলমান আগ্রাসন ও বারবার ইরানি আকাশসীমা লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে।”

আইআরজিসির এই দাবির বিষয়ে রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

গত কয়েকদিনে বাহরাইন ইরানের বেশ কয়েকটি আকাশ হামলা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় আরব দেশগুলো বারবার তেহরানের হামলার শিকার হচ্ছে।