২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রতিবন্ধীদের অবাধ চলাচল নিশ্চিতে নতুন প্ল্যাটফর্ম

“নাগরিক সমাজের নেতৃত্বাধীন একটি বহুপক্ষীয় অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এটি,” বিজ্ঞপ্তিতে বলেছে বি-স্ক্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 06:27 PM

Updated : 27 Oct 2026, 06:27 PM

অবকাঠামো, পরিবহন, তথ্য ও যোগাযোগসহ সবক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অবাধ প্রবেশগম্যতা নিশ্চিতে ‘আর্টিকেল ৯ কমিটি’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বি-স্ক্যানের উদ্যোগে গঠিত এ প্ল্যাটফর্ম সোমবার রাজধানীর বারিধারার একটি হোটেলে প্রথম সভা করেছে।

মঙ্গলবার বি-স্ক্যানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদের (সিআরপিডি) নয় নম্বর ধারার আলোকে ‘আর্টিকেল ৯ কমিটি’ গঠন করা হয়েছে। নাগরিক সমাজের নেতৃত্বাধীন একটি বহুপক্ষীয় অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এটি।

“প্রবেশগম্যতা কেবল র‍্যাম্প নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। ভবনের প্রবেশপথ থেকে শৌচাগার, গণপরিবহন, ওয়েবসাইট, ইশারা ভাষা এবং ডিজিটাল সেবা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির চাহিদা বিবেচনা করা জরুরি। সর্বজনীন নকশার মাধ্যমে এসব ব্যবস্থা গড়ে তোলা হলে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি প্রবীণ, শিশু ও গর্ভবতী নারীরাও উপকৃত হবেন।”

বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব বলেন, “নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এবং সবার অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশকে সবার জন্য উপযোগী করতে এই প্ল্যাটফর্ম জাতীয় পর্যায়ে কাজ করবে।”

‘আর্টিকেল ৯ কমিটি’ এর প্রথম সভায় ওয়াটারএইড, বাপা, বিআইপি, ব্লাস্ট, ব্র্যাক, ফ্রেন্ডশিপ, সিরাক, ডব্লিউবিবি ট্রাস্ট, ডব্লিউডিডিএফ, এসএমএফ, এফবিসিসিআই এবং মাসস্টুডিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।